২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামিক স্টেটের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি তালেবানের

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনার পর তালেবান সরকার বাহিনী রোববার নগরীর উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) একটি আস্তানা ধ্বংস করেছে। তালেবানের এক মুখপাত্র এই দাবি করেছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 04 Oct 2021, 11:20 PM

Updated : 07 Apr 2022, 11:42 PM

তবে রোববারের বোমা বিস্ফোরণের সঙ্গে তালেবানের এই আইএস বিরোধী অভিযানের প্রত্যক্ষ কোনও যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

কাবুলে ঈদগাহ মসজিদের প্রবেশপথে ওই বিস্ফোরণে কয়েকজন নিহত হওয়ার কথা জানিয়েছিল তালেবান। হামলায় আহতও হয়েছিল আরও ২০ জন। আফগানিস্তান থেকে পশ্চিমা বাহিনী বিদায় নেওয়ার পর এটিই ছিল কাবুলে প্রথম বড় ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা।

আফগানিস্তানে আইএস এর স্থানীয় শাখা আইএসআইএস-খোরাসান এরই মধ্যে তালেবানকে নিশানা করে হামলা চালানোর দাবি করেছে। এই জঙ্গি গোষ্ঠীটি তালেবানের ঘোর বিরোধী।

সোমবার টুইটারে দেওয়া এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, রোববার দিনশেষে বিশেষ একটি তালেবান ইউনিট কাবুলের উত্তর অংশে ১৭তম ডিস্ট্রিক্টে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।

এর আগে স্থানীয় গণমাধ্যম ওই এলাকায় তুমুল সংঘর্ষের খবর জানিয়েছিল এবং অধিবাসীরা রাতে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনতে পাওয়ার কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছিল।

কাবুলের ভেতরে আইএস জঙ্গি ছাড়াও উত্তরের পানশির প্রদেশে আহমাদ মাসুদের গড়ে তোলা বিরোধী ন্যাশনাল ফ্রন্টের বিরুদ্ধে লড়ে যাওয়া তালেবান বলছে, প্রায় পুরো দেশই তাদের কব্জায় চলে এসেছে।

কিন্তু রোববার কাবুলের ঈদগাহ মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনাসহ সাম্প্রতিক সময়ে পাকিস্তান সীমান্তের কাছের নানগরহার এবং কাবুলের উত্তরের পারওয়ানসহ নানা এলাকায় এমন ছোট ছোট বহু হামলার ঘটনা এটাই প্রমাণ করছে যে, নিরাপত্তায় হুমকি এখনও আছে।

কাবুলে মসজিদে হামলার এক দিন আগেই শনিবার জালালাবাদ শহরেও বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। আইএস এই হামলার দায় স্বীকার করেছে।

তাছাড়া, কাবুলের বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার মিশন চলার সময়ে আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ আরও অনেক আফগান হতাহতের ঘটনার দায়ও আইএস স্বীকার করেছে।