২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী বাহিনীর সদস্যদের মধ্যে লড়াই, নিহত ৪

ইয়েমেনের এডেন শহরে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত চার যোদ্ধা নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2021, 10:58 PM

Updated : 07 Apr 2022, 11:42 PM

শনিবার এডেনের কেন্দ্রস্থল ক্রাতার এলাকায় এ ঘটনা ঘটে বলে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য বার্তা সংস্থার রয়টার্সকে জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুর পর্যন্ত ওই এলাকা থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়।

এডেনের এই কেন্দ্রস্থলেই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদরদপ্তর। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অবস্থানও এই এলাকায়।

দেশটির দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বন্দর শহর এডেনে আন্তর্জাতিভাবে স্বীকৃত সরকার ও এসটিসির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

গত সপ্তাহে সৌদি আরব সমর্থিত ওই আন্তর্জাতিক সরকারের প্রধানমন্ত্রী রিয়াদ থেকে এডেনে ফেরেন। তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়ে ক্রাতারের প্রেসিডেন্ট প্রাসাদে অবস্থান নিয়েছেন। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট এখনও সৌদি আরবের রাজধানীতে অবস্থান করছেন।

এসটিসি সিকিউরিটি বেল্ট ফোর্সেস ইউনিট এক টুইটার পোস্টে বলেছে, “ক্রাতারের বাসিন্দাদের আগামী কয়েক ঘণ্টা বাড়িতে অবস্থান করতে বলেছি আমরা, কারণ নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী বাহিনীগুলো বেআইনি কিছু উপাদান থেকে শহরকে পরিষ্কার করবে।” 

ক্ষমতা নিয়ে সৌদি সমর্থিত সরকার ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসির দ্বন্দ্বে দক্ষিণ ইয়েমেন পঙ্গু হয়ে আছে। এসব কারণে এই এলাকায় সরকারি পরিষেবা প্রায় ভেঙে পড়েছে, দেখা দিয়েছে ব্যাপক দারিদ্র। এসব নিয়ে সম্প্রতি বেশ কিছু ক্ষুব্ধ প্রতিবাদও দেখেছে এডেন।

ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি সমর্থিত জোটের অধীনে তারা উপরে উপরে মিত্র হলেও ইয়েমেন সরকার ও এসটিসির মধ্যে তীব্র দ্বন্দ্ব বিরাজ করছে।

২০১৪ সালে হুতিরা তৎকালীন সরকারকে উচ্ছেদ করে সানসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয়। তারপর থেকে এডেন ছাড়া দেশটির অধিকাংশ গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।

ইয়েমেন সরকার ও এসটিসির মধ্যে দ্বন্দ্ব অবসানে সৌদি আরব মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে নতুন মন্ত্রীসভা গঠন করে কিছু বিচ্ছিন্নতাবাদীকে তাতে স্থান দিয়ে একটি চুক্তি করে দেয়। কিন্তু পরিকল্পিত সেনা পুনর্মোতায়েন এখনও বাস্তবায়নের অপেক্ষায়।

২০১৫ সালে হুতিদের প্রতিরোধ করতে ইয়েমেনের যুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি জোট বাহিনী। তারপর থেকে যুদ্ধ আরও বিস্তৃত হয়ে লাখো মানুষের মৃত্যু হলেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি বরং দেশটি দুর্ভিক্ষের প্রান্তে চলে গেছে।