সিরিয়াল খুনির পরিচয় মিলল ৩৫ বছর পর
কয়েক দশক ধরে কুখ্যাত এক সিরিয়াল কিলারকে খুঁজেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্রাইম স্কোয়াড। শেষ পর্যন্ত সাবেক এক সামরিক পুলিশ কর্মকর্তার স্বীকারোক্তি এবং ডিএনএ’র মিল থেকে নিশ্চিত হওয়া গেল খুনির পরিচয়।
বিবিসি জানায়, সাবেক এই সামরিক পুলিশ কর্মকর্তা এ সপ্তাহে তার মৃত্যুর আগে স্বীকার করেছেন, তিনিই ছিলেন সেই সিরিয়াল খুনি, যার পরিচিতি ছিল ‘ল্যু গ্রিলি’ নামে। সামরিক পুলিশ থেকে পরে তিনি পুলিশ কর্মকর্তা হয়েছিলেন।
স্থানীয়ভাবে ফ্রাঁসোয়া ভেরো নামের এ কর্মকর্তার ডিএনএ নমুনার সঙ্গে ল্যু গ্রিলির কয়েকটি খুনের ঘটনাস্থলে পাওয়া ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে।
ল্যু গ্রিলির খুন আর ধর্ষণে ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তটস্থ ছিল প্যারিসের বাসিন্দারা। তবে এতদিন পর্যন্ত এইসব অপরাধের ঘটনার কোনও কিনারা করতে পারেনি পুলিশ।
ল্যু গ্রিলির হাতে সবচেয়ে মর্মান্তিক খুনের শিকার হয়েছিল ১১ বছরের একটি মেয়ে। ১৯৮৬ সালে স্কুলে যাওয়ার সময় নিখোঁজ হয়েছিল মেয়েটি।
“এইসব হত্যাকাণ্ড যে গ্রিলির ছিল তা কখনওই আমরা জানতে পারিনি”, বলেছেন গ্রিলির খুনের শিকার হওয়া পরিবারগুলোর এক আইনজীবী।
গ্রিলির বিরুদ্ধে ৪ টি খুন এবং ৬ টি ধর্ষণের অভিযোগ থাকলেও তার এ ধরনের অপকর্মের ঘটনা নিঃসন্দেহেই আরও আছে বলে জানান তিনি।
গ্রিলির একটি ছবি কয়েক দশক ধরে ঝুলেছে প্যারিস জুডিশিয়াল পুলিশ কার্যালয়ের দেয়ালে।
এক তদন্তকারী ম্যাজিস্ট্রেট সম্প্রতি তদন্ত কাজের অংশ হিসাবে প্যারিসে খুন-ধর্ষণের সেই সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা ৭৫০ জন সামরিক পুলিশকে পরীক্ষা নিরীক্ষার জন্য ডেকে পাঠিয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর অচলাবস্থার অবসান ঘটে।
৫৯ বছর বয়সী ফ্রাঁসোয়া ভেরোর কাছেও চিঠি পাঠানো হয়েছিল। তদন্তের স্বার্থে তাকে গত ২৪ সেপ্টেম্বর ডিএনএ নমুনা দিতে বলা হয়। ২৭ সেপ্টেম্বর তার স্ত্রী থানায় নিখোঁজ ডায়েরি করেন।
পরে ভেরোর ডিএনএ পরীক্ষার দিনেই তার লাশ ভূমধ্যসাগর উপকূলের একটি ভাড়া বাসায় খুঁজে পায় পুলিশ। সেইসঙ্গে পায় একটি সুইসাইড নোটও। মৃত্যুর আগে ভেরো ছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
কৌসুলিরা বলছেন, তার ডিএনএ’র নমুনা কয়েকটি অপরাধস্থলে পাওয়া প্রমাণের সঙ্গে মিলে গেছে। তবে ভেরোর সুইসাইড নোটের বিস্তারিত বিবরণ জানায়নি ফরাসি কর্তৃপক্ষ। তবে ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি আগের অপরাধগুলো স্বীকার করেছেন।
যাদেরকে খুন করেছেন তাদের সম্পর্কে কিছু উল্লেখ করেননি ভেরো। তবে জানিয়েছেন, তিনি নিজেকে সামলে নিতে পেরেছিলেন এবং ‘১৯৯৭ সাল থেকে আর কোনও কিছু করেননি’।
