চার দিন পর জঙ্গল থেকে উদ্ধার পেল ৩ বছরের শিশু
অস্ট্রেলিয়ায় নিখোঁজ হওয়ার চারদিন পর জঙ্গল থেকে অ্যান্থনি এজে এলফালাক নামের তিন বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের পল্লী অঞ্চলে গত শুক্রবার অটিজম আক্রান্ত, বাক-প্রতিবন্ধী ওই শিশু বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল।
হেলিকপ্টার নিয়ে সন্ধান চালানো পুলিশ সোমবার বাড়ির কাছেই জঙ্গলে একটি নালা থেকে শিশুটিকে পানি পান করতে দেখতে পায়।
বিবিসি জানায়, পরিবারের ধারণা ছিল, শিশুটিকে অপহরণ করা হয়েছে। কিন্তু উদ্ধারকারীরা এজে এলফালাককে খুঁজে পেয়েছে তার নিজ বাড়ি থেকে ৫০০ মিটার দূরেই।
কর্তৃপক্ষ জানিয়েছে, এলফালাককে ভেজা পোশাকে পাওয়া গেছে। তার পায়ের নিচের অংশে কয়েকটি আঁচড়ের দাগ রয়েছে। এছাড়া সে সুস্থই ছিল।
সন্তানকে পেয়ে উচ্ছ্বসিত শিশুটির বাবা এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে বর্ণনা করেছেন। টিভিতে তিনি বলেন, “এজে এলফালাককে পিঁপড়া কামড়েছে। সে পড়েও গিয়েছিল। কিন্তু সে বেঁচে আছে।”
চারদিন ধরে না ঘুমিয়ে, বিশ্রাম না নিয়ে অক্লান্তভাবে জঙ্গলের ভেতরে সন্তানকে খুঁজে বেড়িয়েছেন বলে জানান শিশুর বাবা।
শিশুটিকে খুঁজে পাওয়ার সুসংবাদ শুনে পরিবারের অন্যান্য সদস্যদেরকেও আনন্দ-উল্লাস করতে দেখা গেছে স্থানীয় গণমাধ্যমে।
