নিউ জিল্যান্ডে ফাইজারের কোভিড টিকা নেওয়ার পর নারীর মৃত্যু
ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা নেওয়ার পর এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড।
দেশটিতে এটিই এ ধরনের প্রথম মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
নারীটির মৃত্যুর আসল কারণ কি, তা এখনও জানা যায়নি। তবে স্বতন্ত্র একটি ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণকারী বোর্ড নারীটির মৃত্যু ‘সম্ভবত’ মায়োকার্ডিটিস বা হৃদপিণ্ডের পেশিতে প্রদাহের কারণে হয়েছে বলে ধারণা দিয়েছে। ফাইজারের কোভিড টিকায় বিরল ক্ষেত্রে এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়।
মারা যাওয়া নারীর বয়স কত, তা জানানো হয়নি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
নারীর আরও কিছু শারীরিক জটিলতা ছিল, ‘যা হয়তো টিকা নেওয়ার পরবর্তী পরিস্থিতিকে প্রভাবিত করেছিল’, বলেছে ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণকারী বোর্ড।
“নিউ জিল্যান্ডে টিকা নেওয়ার কয়েকদিন পর মৃত্যুর প্রথম ঘটনা এটি। এর সঙ্গে ফাইজারের কোভিড-১৯ টিকার যোগ দেখা যাচ্ছে। সম্প্রতি টিকা নেওয়া আরও কয়েকজনের মৃত্যুর খবর পেয়েছে সেন্টার ফর অ্যাডভার্স রিঅ্যাকশনস মনিটরিং, কিন্তু ওই মৃত্যুগুলোর কোনোটির সঙ্গেই টিকার যোগ আছে বলে মনে হচ্ছে না,” বলা হয়েছে এক বিবৃতিতে।
নারীটির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে, ময়না তদন্তকারী করোনার এ বিষয়ে চূড়ান্ত মত দেবেন, কর্মকর্তারা এর বাইরে আর কিছু জানাতে রাজি হননি।
ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ফাইজার ও মডার্নার টিকায় বিরল ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মায়োকার্ডিটিসের দেখা মেলে।
বেশিরভাগ সময় তুলনামূলক অল্প বয়সীদের দেহেই এ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়।
বিরল ক্ষেত্রে এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলেও কোভিড টিকার উপকার এর ঝুঁকির তুলনায় অনেক অনেক বেশি, এমনটা বলেও আসছে তারা।
সোমবার নিউ জিল্যান্ডের কর্মকর্তারা বলেছেন, নারীর মৃত্যুর খবর পাওয়ার পরও ফাইজারের টিকার ওপর আস্থা রাখছেন তারা।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৫ কোভিড রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৬ জনের।
সংক্রমণ মোকাবেলায় প্রথম দিকে নিউ জিল্যান্ডের সরকারের নেওয়া ভূমিকা বিশ্বজুড়ে বেশ প্রশংসিত হলেও টিকাদান কর্মসূচির শ্লথগতি ওই অগ্রগতিকে ম্লান করে দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।
দেশটির নাগরিকদের মধ্যে এখন পর্যন্ত বিভিন্ন টিকার ৩০ লাখ ডোজ প্রয়োগ হয়েছে; মোট জনসংখ্যার ২৩ শতাংশ টিকার সবগুলো ডোজই পেয়েছেন।
অতি সংক্রামক ডেল্টা ধরনের দাপটে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে কর্তৃপক্ষ দেশটির ব্যাপক অংশে লকডাউন দিয়ে দিয়েছিল; মঙ্গলবার অকল্যান্ড বাদে বাকি শহর ও অঞ্চলগুলোর বিধিনিষেধ শিথিল করার কথা রয়েছে।
