যুক্তরাজ্যজুড়ে বাড়ছে কোভিড সংক্রমণ
যুক্তরাজ্যজুড়ে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রোগীর সংখ্যা ২০ অগাস্ট পর্যন্ত এক সপ্তাহে বেড়ে গেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) সর্বসাম্প্রতিক এক হিসাবে এ তথ্য জানিয়েছে।
ইংল্যান্ডে ৭০ জনে একজন কোভিড আক্রান্ত হয়েছে। যা এর আগের সপ্তাহের চেয়ে বেশি। আগের সপ্তাহে কোভিড আক্রান্তের হার ছিল ৮০ জনে একজন।
আর এখন ৭০ জনে একজনের কোভিড শনাক্তের হিসাবে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫৬,৯০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ওয়েলস এ ওএনএস এর হিসাবমতে, ২৫,২০০ মানুষ কোভিড সংক্রমিত হয়েছে অর্থাৎ, ১২০ জনে একজনের কোভিড শনাক্ত হয়েছে। আগের সপ্তাহে যে সংখ্যা ছিল ১৩০ জনে একজন।
নর্দার্ন আয়ারল্যান্ডে কোভিড আক্রান্তের সংখ্যা ৪৩,৩০০ অর্থাৎ, প্রায় ৪০ জনে একজন কোভিড আক্রান্ত। আগের সপ্তাহে যা ছিল ৫০ জনে একজন।
স্কটল্যান্ডে কোভিড আক্রান্ত ৩৬,৭০০ জন অর্থাৎ, ১৪০ জনে একজনের কোভিড পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। যা আগের সপ্তাহের ২০০ জনে একজন কোভিড আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি।
স্কটল্যান্ডে দৈনিক নতুন কোভিড শনাক্তের রেকর্ড হয়েছে। একদিনে সেখানে কোভিড শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৩৫। এ সংখ্যা গত বুধবারের সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৫০২১ এর চেয়ে বেশি।
নর্দার্ন আয়ারল্যান্ডেও মোট কোভিড শনাক্তের বর্তমান পরিসংখ্যান গতবছর অক্টোবরের পর থেকে গোটা দেশের হিসাবেই সর্বোচ্চ। ওদিকে, ওয়েলসের কোভিড আক্রান্তের বর্তমান পরিসংখ্যান গত ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ।
