আমরা রাশিয়ায় আফগান জঙ্গি চাই না: পুতিন
শরণার্থীদের আড়ালে আফগান জঙ্গিদেরকে চলে আসতে দিতে চান না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার কাছের দেশগুলোতে আফগানদেরকে নিয়ে রাখার ধারণাও রোববার প্রত্যাখ্যান করেন পুতিন। রুশ বার্তা সংস্থাগুলো একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের দেশে যাওয়ার জন্য ভিসা কার্যক্রম চালাতে আফগান শরণার্থীদের সাময়িক সময়ের জন্য কাছের মধ্য এশিয়ার দেশগুলোতে এনে রাখছে কিছু পশ্চিমা দেশ।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এর সমালোচনা করে বলেছেন, “এর মানে কি চাইলেই মধ্য এশিয়ার দেশগুলোতে ভিসা ছাড়াই যে কাউকে এনে রাখা যায়? যেখানে পশ্চিমা রাষ্ট্রগুলো ভিসা ছাড়া কাউকে নিতে চাইছে না।”
“এমন অপমানকর পন্থায় এই সমস্যা সমাধান করা হচ্ছে কেন?,” বলেন তিনি।
যুক্তরাষ্ট্র গোপনে বেশ কিছু রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। এসব রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করে ঝুঁকিতে পড়া আফগানদের সাময়িক আশ্রয় দেওয়ার জন্য চুক্তি করার মরিয়া চেষ্টা চালিয়েছে দেশটি।
কিন্তু রাশিয়া এবং দেশটির প্রেসিডেন্ট পুতিন এই পদক্ষেপের বিরোধিতা করছেন। রাশিয়া কেবল সাবেক সোভিয়েত মধ্য এশিয়া দেশগুলোর জন্যই ভিসা-ফ্রি ভ্রমণ চালু রেখেছে।
তাস বার্তা সংস্থাকে তিনি বলেন, আমরা চাইনা শরণার্থীদের মধ্যে লুকিয়ে কোনও জঙ্গি এখানে প্রবেশ করুক। পুতিন তার রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টির নেতাদের সঙ্গে বৈঠকের সময় একথা বলেন।
