তুরস্কে অভিবাসী-বিরোধী সহিংস বিক্ষোভ
তুরস্কে অভিবাসী-বিরোধী সহিংস বিক্ষোভ হয়েছে। সিরীয় অভিবাসীদের বাড়িঘর, দোকান ও গাড়ি ভাংচুর করেছে বিক্ষোভকারীরা।
স্থানীয় এক কিশোর খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এই বিক্ষোভ হল।
বুধবার রাতে মারামারির ঘটনায় এক সিরীয় দুই তুর্কিকে ছুরিকাঘাত করার খবরকে কেন্দ্র করে সহিংসতার সূত্রপাত হয়।
কয়েকশ’ স্থানীয় বাসিন্দা রাজধানী আঙ্কারায় সিরীয় অভিবাসী ও শরণার্থীদের বসবাসের এলাকা ঘিরে ফেলে বলে জানিয়েছে বিবিসি।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গেছে, এক দল মানুষ গাড়ি উল্টে ফেলছে, দোকানপাট ভাংচুর করছে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ কিছু সিরীয়কে বাসে করে আশেপাশের এলাকায় সরিয়ে নেয়।
বুধবার রাতে আঙ্কারার গভর্নরের দপ্তর জানিয়েছে, পুলিশ বাহিনীর জোর প্রচেষ্টায় সহিংস বিক্ষোভ শেষ হয়েছে।
তুরস্কের বেশ কিছু সংখ্যক রাজনীতিবিদ অভিবাসীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের দাবিতে প্রচার চালানোর কারণে সম্প্রতি দেশটিতে অভিবাসন বিরোধী মনোভাব প্রকট হচ্ছে।
আফগানিস্তানে যুদ্ধের ফলে সেখান থেকে হাজারো আফগানের পালিয়ে গিয়ে তুরস্কে আশ্রয় নেওয়ার কারণেও সম্প্রতি উত্তেজনা বেড়েছে।
জাতিসংঘের হিসাবমতে, বিশ্বে দেশগুলোর মধ্যে তুরস্কেই বর্তমানে বিপুল সংখ্যক শরণার্থী আছে। তার মধ্যে সিরীয় শরণার্থী ৩০ লাখেরও বেশি।
