এক বছর পর বাড়ি ফিরল বিশ্বের সবচেয়ে ‘ক্ষুদে’ শিশু জুয়ান
জন্মের পরই বিশ্বের সবচেয়ে ‘ক্ষুদে’ শিশুর তকমা পেয়েছিল কুয়েক ইউ জুয়ান। ওজন ছিল মাত্র ২১২ গ্রাম অর্থাৎ, একটা আপেলের ওজনের সমান। অন্য সব শিশুর মতো জন্মের পরই বাড়ি ফিরতে পারেনি সে।
এক বছরেরও বেশি সময় (১৩ মাস) সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নেওয়ার পর অবশেষে বাড়ি ফিরতে পেরেছে জুয়ান। জন্মের সময় শিশুটি মাত্র ২৪ সেন্টিমিটার লম্বা ছিল।
সাধারণত মায়ের গর্ভে ৪০ সপ্তাহ থাকার পর কোনও শিশুর জন্ম হলেও জুয়ানের জন্ম হয় মাত্র ২৫ সপ্তাহে। জন্মের সময়কার ওজন এবং দৈর্ঘ্যের ভিত্তিতে জুয়ানই এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট শিশু বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বিশ্বের সবচেয়ে ক্ষুদে শিশু হিসাবে রেকর্ড গড়েছিল যুক্তরাষ্ট্রের একটি কন্যাশিশু। ‘ইউনিভার্সিটি অব আইওয়া’স টাইনিয়েস্ট বেবিস রেজিস্ট্রি’ অনুযায়ী, ২০১৮ সালে জন্ম নেওয়া ওই শিশুর ওজন ছিল ২৪৫ গ্রাম।
বিবিসি জানায়, জুয়ানের জন্মের আগে তার মায়ের প্রি-একল্যাম্পসিয়া ধরা পড়ে। গর্ভকালে এই রোগে বিপজ্জনক উচ্চ রক্তচাপের কারণে শরীরের অঙ্গ-প্রতঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা এবং মা ও শিশুর মারাত্মক ঝুঁকি তৈরি হওয়ার জরুরি ভিত্তিতে সিজারের মাধ্যমে জুয়ানের জন্ম হয়।
সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল (এনইউএইচ) জানায়, জন্মের পর জুয়ানের বাঁচার আশা ছিল ক্ষীণ। কিন্তু এখন সে বেশ ভালই আছে। তার ওজন এখন ৬.৩ কেজি (১৪ পাউন্ড)।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নানা যন্ত্রপাতি এবং চিকিৎসার মাধ্যমে জুয়ানকে সুস্থ রাখার চেষ্টা করা হয়েছিল। পরে তার স্বাস্থ্যের উন্নতি ঘটলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এখনও জুয়ানের ফুসফুসে কিছু সমস্যা রয়ে গেছে। এনইউএইচ হাসপাতালের চিকিৎসকরা অবশ্য বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার আরও উন্নতি ঘটবে।
