২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্ত জীবনে ফিরে শঙ্কায় ফের বিধিনিষেধের বেড়াজালে ছয় দেশ

বিশ্বের দেশে দেশে মানুষকে টিকা দেওয়া এবং সংক্রমণ কমে আসার এক মিশ্র ফলের মধ্যে কয়েকটি দেশ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে জারি থাকা কঠোর সব বিধিনিষেধ শিথিল করে মুক্ত জীবনে ফিরে আসার চেষ্টা নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2021, 12:09 AM

Updated : 10 Oct 2022, 06:07 PM

পুরনো খবর:

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নতুন কোভিড নীতি নিয়ে শঙ্কায় বিজ্ঞানীরা
‘মুক্ত জীবনে’ ফিরছে যুক্তরাজ্য, এখনও মাস্ক লাগবে?
মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল ইসরায়েল, শুরু স্কুলও

কিন্তু কিছুদিন যেতে না যেতেই করোনাভাইরাসের ডেল্টা ধরনের বিস্তারে নতুন করে ভাবনায় পড়েছে দেশগুলোর সরকার। সেকারণে আবার তাদেরকে ফিরতে হয়েছে বিধিনিষেধের বেড়াজালে।

কোভিড মোকাবেলায় জারি করা দীর্ঘ লকডাউনের বেশিরভাগ বিধিনিষেধ ১৯ জুলাই থেকে তুলে নিয়ে ‘মুক্ত’ জীবনে ফেরার ঘোষণা কয়েকদিন আগেই দিয়েছে যুক্তরাজ্য। তার মানে ওইদিন থেকে আর থাকছে না মাস্ক পরা, জনসমাগমস্থলে সমবেত হওয়ার ক্ষেত্রে আইনি বিধিনিষেধ। নাইট ক্লাবগুলোও খুলে দেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যের বিজ্ঞানীরা সরকারের এ পদক্ষেপ নিয়ে এরই মধ্যে শঙ্কা প্রকাশ করে একে ‘বিপজ্জনক এবং অকাল সিদ্ধান্ত’ আখ্যা দিয়েছেন। তাদের সতর্কবার্তার মুখে যুক্তরাজ্যকে পরবর্তীতে আবার বিধিনিষেধে ফিরতে হবে কিনা তা সময়েই বলে দেবে।

তবে এরই মধ্যে যারা বিধিনিষেধ তুলে নিয়ে আবার তাতে ফিরছে, তেমন ছয়টি দেশের পরিস্থিতি এক প্রতিবেদনে তুলে ধরেছে বিবিসি।
 

ইসরায়েলে বিধিনিষেধ তোলার পর আবার জারি:

টিকাদান কর্মসূচিতে দ্রুত অগ্রগতি হওয়ায় ইসরায়েল গত ফেব্রুয়ারি মাস থেকে বিধিনিষেধ তুলে দিতে শুরু করে। জুন মাসের মাঝামাঝিতে যখন ইসরায়েলের অর্ধেক জনগোষ্ঠী দুই ডোজ টিকা পেয়ে গেল তখন দেশটিতে মাস্ক পরা বন্ধ হল। খুলে গেল দোকান, রেস্তোরাঁ, হোটেল, সিনেমাহল। জীবনযাত্রা হয়ে গেল মহামারী শুরুর আগের মতোই স্বাভাবিক।

কিন্তু তখন থেকেই ক্রমাগত দেশটিতে বাড়তে লাগল করোনাভাইরাসের ডেল্টা সংক্রমণ। চার মাসের মধ্যে গত মঙ্গলবার ইসরায়েলে সর্বোচ্চ ৭৫৪ জন ডেল্টায় আক্রান্ত হয়েছেন। যদিও কর্মকর্তারা বলছেন, সংক্রমিতদের অবস্থা খুব বেশি গুরুতর নয় এবং হাসপাতালে ভর্তি হওয়ার হারও কম।

তারপরও কোভিড শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় ভাবনায় পড়ে আবার কিছু কিছু বিধিনিষেধ চালু করার পথে হেঁটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ঘরের মধ্যে মাস্ক পরাসহ বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে দেশটিতে।

নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রীর ইউটার্ন:

নেদারল্যান্ডসে টিকা নেওয়ার হার বেড়ে যাওয়া এবং ভাইরাস সংক্রমণের হার কমায় জুন মাসের শেষে সবকিছু খুলে দেওয়া হয়। প্রায় সব জায়গাতেই বন্ধ হয় মাস্ক পরা। তরুণদেরও বাড়ির বাইরে যেতে রাখা হয়নি কোনও বিধিনিষেধ।

আর এরপর থেকেই নেদারল্যান্ডসে করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করে। ডিসেম্বরের পর থেকে দেশটিতে সর্বোচ্চ সংখ্যক মানুষের কোভিড শনাক্ত হয়। যদিও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়েনি।

কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য কর্মকর্তাদের সমালোচনার মুখে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুত্তে গত শুক্রবার আবার ইউটার্ন নিয়ে আরোপ করেন বেশকিছু বিধিনিষেধ। মুক্তজীবনে ফেরার মাত্র দুসপ্তাহ পরই আবার আগের অবস্থায় চলে যায় দেশটি।

বন্ধ হয়ে যায় রেস্তোরাঁ, বার, নাইট ক্লাবগুলোও। বিধিনিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে স্বীকারোক্তি দিয়ে রুত্তে এর জন্য ক্ষমাও চেয়েছেন। তিনি বলেন, “যেটা সম্ভব হবে বলে ভেবেছিলাম, তা বাস্তবে সম্ভব হয়নি। ডাচ্‌ সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৩ অগাস্ট পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে।

দক্ষিণ কোরিয়ায় ফলেছে বিশেষজ্ঞদের সতর্কবার্তা:

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে বিশ্বে অন্যতম সফল দেশ হিসাবে পরিচিতি পেয়েছিল দক্ষিণ কোরিয়া। জুন মাসে দেশটির সরকার টিকা দেওয়া মানুষদেরকে মাস্ক ছাড়াই বাইরে যাওয়ার অনুমতি দেয়। রেস্তোরাঁ খোলার ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা হয়। ছোট পরিসরে মানুষের জমায়েত অনুমোদন পায়।

বিশেষজ্ঞরা তখন সতর্ক করে দিয়ে বলেছিলেন, দক্ষিণ কোরিয়া সরকার করোনাভাইরাস ঠেকাতে জারি থাকা বিধিনিষেধ তুলে নিতে একটু তাড়াহুড়োই করে ফেলছে। দেশের বেশির ভাগ মানুষকে এখনও টিকা দেওয়া হয়নি। বিশেষজ্ঞদের সেই সতর্কবার্তাই শেষমেশ সত্য হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় এখন করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বাজে আকার ধারণ করেছে। দৈনিক সংক্রমণ রেকর্ড ছাড়ানোয় সরকার দেশের বেশিরভাগ অঞ্চলে সামাজিক দূরত্ববিধি কঠোর করতে বাধ্য হয়েছে। রাজধানী সিউলে বাসিন্দাদের একজনের বেশি মানুষের সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসের ডেলটা ধরনের দ্রুত ছড়াচ্ছে। টিকাদানের গতিও ধীর। সংক্রমণ ঠেকাতে সরকারের নেওয়া পদক্ষেপের ওপর দক্ষিণ কোরিয়ার জনগণের আস্থাও কমে আসছে।

সুইডেনে ডেল্টা নিয়ে উদ্বেগ:

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জমায়েত, রেস্তোরাঁ খোলা রাখার সময়ের ক্ষেত্রে বিধিনিষেধ ছিল সুইডেনে। এর মধ্যে কিছু বিধিনিষেধ পরে শিথিল করা হয়। খেলার স্টেডিয়ামেও দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়।

বসন্তকালে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসে, যা মূলত টিকাদানের বদৌলতেই হয়েছে বলে মনে করা হচ্ছে এবং উষ্ণ আবহাওয়ার কারণে মানুষ ঘরের বাইরে সময় কাটাচ্ছেন বেশি। ১৫ জুলাই থেকে দেশটি আরও বিধিনিষেধ তোলার পথে রয়েছে।

তবে ডেলটা সংক্রমণ বেড়ে যাওয়ায় সুইডেন উদ্বেগে পড়েছে। বিদেশে থেকে আগতদের সুইডেনে করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তাছাড়া, ৩১ অগাস্ট পর্যন্ত ইইউ এর বাইরের কোনও দেশ থেকে সুইডেনে অপ্রয়োজনে ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় আবার লকডাউন:

গত বছরের বেশির ভাগ সময়ই অস্ট্রেলীয়দের জন্য বিধিনিষেধের বেড়াজাল ছিল কম। সে সময় দেশটিতে দিনের পর দিন একজনও কোভিড শনাক্তের সন্ধান না মেলার রেকর্ড হওয়ার কারণে মাস্ক পরাও বাধ্যতামূলক ছিল না।

তবে যখনই আবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে তখনই তা শূন্যে নামাতে সরকার বারবারই লকডাউন দিয়েছে। যেমন গত জানুয়ারিতে মাত্র একজনের ভাইরাস শনাক্ত হওয়ার পর পার্থ-এ পাঁচ দিনের শাটডাউন দেওয়া হয়েছিল।

কিন্তু জুনের মাঝামাঝি সময়ে ডেল্টা ধরনের বিস্তার ঘটায় সিডনিতে ফের লকডাউন জারি হয়, যা চলতি মাসের শেষ পর্যন্ত জারি থাকবে বলে ধারণা করা হচ্ছে। সিডনিতে এখন দৈনিক করোনাভাইরাস শনাক্ত হচ্ছে শতাধিক জনের।

লকডাউনের প্রথম কয়েক সপ্তাহেও সেখানে ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা বলছেন, মানুষ ঘরে থাকার নিয়ম মানছে না। তাই তখন থেকেই এইসব বিধিনিষেধ আবার কঠোর করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় ৯০ শতাংশেরও বেশি মানুষ এখনও টিকা পায়নি। কর্মকর্তারা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরতে আরও সময় লাগবে। টিকা সংকট, বিশেষ করে ফাইজারের টিকার সংকটের কারণে এ বছরের শেষ পর্যন্ত অস্ট্রেলীয়রা টিকা পাবেন না।

যুক্তরাষ্ট্রে ডেল্টা নিয়ে উদ্বেগ বাড়ছে, সংক্রমণও বাড়ছে:

যুক্তরাষ্ট্রে জো বাইডেনের সরকার আসার পর টিকাকরণ গতি পাওয়ায় বেশির ভাগ রাজ্যে বিধিনিষেধ শিথিল করা হয়। মাস্ক পরা শিথিল হয়েছে, ব্যবসা-বাণিজ্য আবার চালু হয়েছে।

জুন মাসে যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় সবকিছু খুলে দেওয়া হয়। নিউ ইয়র্কে টিকাদানের হার ৭০ শতাংশ ছাড়ানোর পর সেখানেও বেশির ভাগ বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

সার্বিকভাবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের হার এখনও কম। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণের হার ছিল সর্বোচ্চ। সে তুলনায় নতুন সংক্রমণের হার এক দশমাংশেরও কম। যদিও গত দুই সপ্তাহে সংক্রমণের এই হার দ্বিগুণ হয়েছে।

তবে এখন ডেলটা ধরনের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। টিকাদানের হার কম এমন এলাকাগুলোয় ডেল্টা সংক্রমণ বাড়ছে। টিকাদানের হার কম হওয়ায় কিছু রাজ্যে বাসিন্দাদেরকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউ ইয়র্ক সিটিতে এক সপ্তাহে করোনাভাইরাস সংক্রমণ প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। তবে সংক্রমণ একলাফে যতটা বেড়েছে, মৃত্যু সেই হারে বাড়েনি। রাজ্যের কর্মকর্তারা বলছেন, যারা কোভিড আক্রান্ত হয়েছেন, আবার টিকাও পাননি, তাদের বেশিরভাগই এখন হাসপাতালে চিকিৎসাধীন।