২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনের মাঝেও সর্বোচ্চ কোভিড শনাক্তের রেকর্ড সিডনিতে

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে রাজ্যে দু’সপ্তাহের কঠোর লকডাউনের মধ্যেও এবছর একদিনে সর্বোচ্চ কোভিড শনাক্তের রেকর্ড হয়েছে সিডনিতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2021, 09:36 PM

Updated : 07 Apr 2022, 11:20 PM

নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার বৃহস্পতিবার রাজধানী সিডনিতে নতুন ৩৮ জনের ভাইরাস শনাক্ত হওয়ার খবর জানিয়েছে।

এই সংখ্যা শহরটিতে ১৪ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে বিবিসি। নতুন এই সংক্রমণ নিয়ে সেখানে করোনাভাইরাসের ডেল্টা ধরনে আক্রান্তের সংখ্যা ৩৭০ জনের বেশিতে দাঁড়িয়েছে।

সম্প্রতি ডেল্টা ধরনের প্রকোপ বেড়ে যাওয়ায় সিডনিতে ২৬ জুন থেকে লকডাউনে আছেন বাসিন্দারা। লকডাউন তোলার কথা জিজ্ঞাসা করলে রাজ্য প্রধানমন্ত্রী বলেন, ডেল্টার এই হারে সংক্রমণ ও এত ধীর গতির টিকা কার্যক্রমের মাঝে লকডাউন তুলে নেওয়া ‘অবান্তর’।

শুক্রবার থেকে আরও কঠোর লকডাউন নিশ্চিত করতে সিডনি শহরে আরও ১০০ অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। “এ সমাজে এখনও অনেক মানুষ আছেন যারা নিয়ম মানেন না” সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন পুলিশের ডেপুটি কমিশনার।

তিন সপ্তাহ আগে সিডনিতে বিমানবন্দরের একজন ড্রাইভারের প্রথম ডেল্টা করোনাভাইরাস শনাক্ত হয়। ইতোমধ্যেই সিডনিতে ডেল্টা শনাক্তের সংখ্যা প্রায় ৪০০ ছুঁই ছুঁই।

বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই অস্ট্রেলিয়া কঠোর লকডাউন ও বিধিনিষেধ জারি করে শনাক্ত ও মৃত্যু সংখ্যা নিয়ন্ত্রণে রেখেছে। এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ৩০,৯০০। এদের মধ্যে মারা গেছেন ৯১০ জন।