২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত্রু জাহাজে বোমা ফেলার অনুশীলনে রাশিয়ার যুদ্ধবিমান

কৃষ্ণ সাগরে প্রশিক্ষণ মহড়া চলাকালে রাশিয়ার যুদ্ধবিমানগুলো শত্রুর জাহাজে বোমা ফেলা অনুশীলন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2021, 11:28 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

শনিবার রাশিয়া নৌবাহিনীর কৃষ্ণ সাগর নৌবহর জানিয়েছে, তাদের ও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক বহরের যুদ্ধবিমানগুলো এই প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছে। 

বার্তা সংস্থা আরআইএর দেওয়া উদ্ধৃতিতে নৌবহরটি বলেছে, “যুদ্ধবিমানগুলোর ক্রুরা কৃষ্ণ সাগরের ওপর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা করেছে। তারা শত্রুর নকল যুদ্ধজাহাজের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা অনুশীলন করেছে।”  

এই মহড়ায় সুখোই এসইউ-৩০এসএম বহুমুখী জঙ্গিবিমান, সুখোই এসইউ-২৪এম বোমারু বিমান, সুখোই এসইউ-৩৪ জঙ্গি-বোমারু ও সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান অংশ নিয়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগরের ইউক্রেইন উপকূলে নেটোর মহড়া ও নিকটবর্তী অঞ্চলে সম্প্রতি একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই রাশিয়া এ মহড়া চালালো।

গত সপ্তাহে ক্রিমিয়ার জলসীমা দিয়ে যাওয়ার সময় একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে বাধা দিয়েছিল রাশিয়া। ওই জলসীমা দিয়ে তাদের যাওয়ার অধিকার আছে বলে দাবি করেছে যুক্তরাজ্য।

কিন্তু রাশিয়া বলেছে, ব্রিটিশ নৌবাহিনীর জাহাজটি অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছে। ‘উস্কানি’ দেওয়ার জন্য যুক্তরাজ্যকে অভিযুক্ত করেছে তারা। বলেছে, ব্রিটিশ নৌবাহিনীর কোনো জাহাজ আবার একই কাজ করলে সেটির ওপর বোমা ফেলবে তারা।

২০১৪ সালে ক্রিমিয়াকে ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন করে নিজেদের ভূখণ্ডভুক্ত করে নেয় রাশিয়া, কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশ রাশিয়ার এই পদক্ষেপের স্বীকৃতি দেয়নি।

২৮ জুন থেকে কৃষ্ণ সাগরে নেটো, ইউক্রেইন ও তাদের মিত্ররা ‘সি ব্রিইজ’ নামের দুই সপ্তাহব্যাপী বড় ধরনের এক মহড়া শুরু করেছে। এতে প্রায় নেটোর ও অন্যান্য মিত্রদের প্রায় পাঁচ হাজার সেনা, ৩০টি যুদ্ধজাহাজ, ৪০টি যুদ্ধবিমান ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সজ্জিত ডেস্ট্রয়ার ইউএসএস রস এবং মার্কিন মেরিন কোরের সেনারা অংশ নিচ্ছে।  

মস্কো এই মহড়া বাতিলের আহ্বান জানিয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রয়োজন হলে জাতীয় নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে তারা।