শ্রীলংকায় জাহাজ বিপর্যয়ের পর তীরে ভেসে আসছে শ’শ’ মৃত প্রাণী
শ্রীলংকায় রাসায়নিক ও প্রসাধনীসামগ্রীবাহী একটি জাহাজে আগুন লেগে তা ডুবে যাওয়ার পর উপকূলে শতশত মৃত সামুদ্রিক প্রাণী ভেসে আসতে দেখা যাচ্ছে।
এক্স-প্রেস পার্ল নামের এই পণ্যবাহী জাহাজে আগুন লাগার পর তা বেশ কয়েকদিন সমুদ্রে দাউদাউ করে জ্বলতে থাকার পর জুন মাসে ডুবে যায় রাজধানী কলোম্বো উপকূলের কাছে।
এরপর থেকে এখন পর্যন্ত ভেসে এসেছে ১৭৬টি কচ্ছপ, ২০টি ডলফিন এবং চারটি তিমি। বিশেষজ্ঞরা বলছেন, দশক ধরে এই তেলবাহী জাহাজ ঐ এলাকায় পরিবেশগত বিপর্যয়ের বড় কারণ হয়ে থাকবে।
এক্স-প্রেস পার্লে ছিল ২৭৮ টন তেল এবং ৫০ টন গ্যাস। অন্যান্য রাসায়নিক ও প্রসাধনীর পাশাপাশি তাতে ছিল ২৫ টন নাইট্রিক অ্যাসিড। ২০ মে এই জাহাজে আগুন ধরে।
একটি পরিবেশবাদী সংগঠন জানায়, এই জাহাজডুবির কারণে ঐ অঞ্চলে তৈরি হবে একটি ‘কেমিক্যাল স্যুপ’।
সরকারের একজন মন্ত্রী বলেন, বছরের এ সময়ে সামুদ্রিক প্রাণীদের মৃত্যুর এই হার বেশ অস্বাভাবিক।
পরিবেশ মন্ত্রী মাহিন্দা আমারাউইরা সাংবাদিকদের বলেন, দক্ষিণ-পূর্বে বর্ষার এই সময়ে প্রাণীরা সাধারণত এভাবে মারা যায় না, জানায় রয়টার্স।
“এদের মৃত্যুর মূল কারণ জাহাজডুবি থেকে হওয়া বিপর্যয়।”
