২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়ানার মূর্তি উন্মোচন করতে কেনসিংটনে প্রিন্স উইলিয়াম-হ্যারি

মায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বিশ্বব্যাপী সব মানুষকে ধন্যবাদও জানান তারা। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে হাসতে এবং কথা বলতে দেখা যায় দুই ভাইকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2021, 11:24 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

বিবিসি জানায়, বৃহস্পতিবার প্রাসাদের নতুন নকশা করা সানকেন বাগানে মায়ের ৬০ তম জন্মদিন উপলক্ষ্যে তার মূর্তি উন্মোচন করতে একটি অনুষ্ঠানে যোগ দেন দুইজন।

গত এপ্রিলে ডিউক এব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের পর এই প্রথম হ্যারি ও উইলিয়াম একসঙ্গে কোনও অনুষ্ঠানে উপস্থিত হলেন।

মা ডায়ানার স্মরণে তারা বলেন, “‘তার ভালোবাসা, শক্তি, বৈশিষ্ট্য আমাদের মনে আছে। তার গুণাবলী দিয়ে তিনি বিশ্বজুড়ে কল্যাণের শক্তিতে পরিণত হয়েছিলেন। অগণিত মানুষের জীবন বদলে দিয়েছিলেন তিনি।”

“প্রতিদিনই আমাদের মনে হয় তিনি এখনও আমাদের সঙ্গে আছেন।” নতুন উন্মোচন করা মূর্তি মায়ের জীবন ও উত্তরাধিকারের প্রতীক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন উইলিয়াম ও হ্যারি।

 মায়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখার বিশ্বব্যাপী সব মানুষকে ধন্যবাদও জানান তারা। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে হাসতে এবং কথা বলতে দেখা যায় দুই ভাইকে।

গতবছর রাজদায়িত্ব ছেড়ে দেওয়ার পর প্রিন্স উইলিয়ামের সঙ্গে জটিলতার ইঙ্গিত দিয়েছিলেন প্রিন্স হ্যারি। মার্চে অপরা উইনফ্রে’কে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি বলেছিলেন, তাদের দুই ভাইয়ের রাস্তা আলাদা।

স্ত্রী এবং দুই সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বাস করেন প্রিন্স হ্যারি। বৃহস্পতিবার ডায়ানার মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কোয়ারেন্টিন শেষ করার জন্য গত সপ্তাহেই যুক্তরাজ্যে পৌঁছান তিনি।

মূর্তি উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডায়ানার ভাই-বোনেরা। ১৯৯৭ সালের অগাস্টে ফ্রান্সের প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা।

উইলিয়াম তখন ছিলেন ১৫, আর হ্যারির বয়স ছিল ১২। ২০১৭ সালে মায়ের মূর্তি নির্মাণের ঘোষণা দেন দুই ভাই। হাইড পার্কের পাশে অবস্থিত সানকেন গার্ডেন আগামী শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।