২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮৪ বছরে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড কানাডায়

কানাডায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার লিটনে রোববার তাপমাত্রা ছিল ৪৬.৬ ডিগ্রি সেলসিয়াস (১১৬ ডিগ্রি ফারেনহাইট)। তাতেই ভেঙেছে তাপমাত্রার ৮৪ বছর পুরোনো রেকর্ড, বলছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2021, 10:18 PM

Updated : 07 Apr 2022, 11:17 PM

শুধু কানাডাতেই নয়, যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলেও প্রচণ্ড গরম পড়েছে। বিবিসি জানায়, এ সপ্তাহ জুড়ে ‘বিপজ্জনক’ মাত্রার গরম থাকার ব্যাপারে নাগরিকদেরকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং কানাডা দু’দেশই।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন তীব্র তাপপ্রবাহের মতো চরমভাবাপন্ন আবহাওয়া সৃষ্টি করতে পারে।

কানাডার লিটন গ্রামের অবস্থান ভ্যাঙ্কুভারের ১৫০ মাইল উত্তর-পূর্বে। এ অঞ্চলেই তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। কানাডায় এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট)। এই তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৯৩৭ সালের জুলাইয়ে।

তবে কেবল লিটনেই নয়, ব্রিটিশ কলাম্বিয়ার ৪০টিরও বেশি এলাকায় তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে।

কানাডার পরিবেশ বিষয়ক দপ্তরের জলবায়ু বিশেষজ্ঞ ডেভিড ফিলিপস সিটিভি সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি রেকর্ড ভাঙা পছন্দ করি। কিন্তু এটি চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো ব্যাপার। কানাডার পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় এখন দুবাইয়ের চেয়েও বেশি গরম পড়ছে। কিছু এলাকায় সোমবারেই তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।”

তীব্র গরমের কারণে কানাডায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। সবাই এসময় এয়ার-কন্ডিশন চালু রাখতে চাইছে বলে জানিয়েছে ব্রিটিশ কলাম্বিয়ার বিদ্যুৎ সরবরাহকারীরা।

কানাডার পরিবেশ ও জলবায়ু বিষয়ক দপ্তর এ সপ্তাহ জুড়েই ম্যারাথন, বিপজ্জনক এবং আগে কখনও দেখা যায়নি এমন তাপপ্রবাহ বিরাজ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এ সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে এবং কোনও কোনও স্থানে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।