২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ার তিগ্রেতে ত্রাণ সংস্থা এমএসএফের ৩ কর্মী নিহত

ইথিওপিয়ার তিগ্রে অঞ্চলে অজ্ঞাত হামলাকারীরা আন্তর্জাতিক ত্রাণ সংস্থা মেদসাঁ সঁ ফ্রোঁতিয়েরের (এমএসএফ) স্প্যানিশ শাখায় কর্মরত তিন কর্মীকে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2021, 09:19 PM

Updated : 07 Apr 2022, 11:16 PM

শুক্রবার ত্রাণ সংস্থাটি এ খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বৃহস্পতিবার বিকালে ওই দলটিকে বহনকারী গাড়ির সঙ্গে এমএসএফ-স্পেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

“আজ সকালে (শুক্রবার) গাড়িটি খালি অবস্থায় পাওয়া যায় আর কয়েক মিটার দূরে তাদের প্রাণহীন দেহগুলো পড়ে ছিল।

“আমাদের সহকর্মীদের ওপর এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আর কী ঘটেছে তা জানতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব,” বলা হয়েছে বিবৃতিতে।

নিহতদের মাদ্রিদ থেকে আসা জরুরি সমন্বয়ক মারিয়া ফার্নান্দেজ (৩৫), ইথিওপিয়ার নাগরিক সহকারী সমন্বয়ক ইয়োহান্নেস হালেফম রেদা (৩১) ও তাদের ইথিওপীয় গাড়িচালক তেদ্রোস গেব্রামারিয়াম গেব্রামাইকেল (৩১) বলে জানিয়েছে এমএসএফ।

নভেম্বরে তিগ্রে অঞ্চলের সাবেক ক্ষমতাসীন দল তিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) অনুগত বাহিনীগুলোর সঙ্গে ইথিওপিয়ার সামরিক বাহিনীর লড়াই শুরু হওয়ার পর থেকে এদের নিয়ে অন্তত ১২ জন ত্রাণ কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।  

দুই পক্ষের এ লড়াইয়ে এ পর্যন্ত কয়েক হাজার লোক নিহত হয়েছে ও ২০ লাখের বেশি বাস্তুচ্যুত হয়েছে।   

এ ঘটনায় এক টুইটার পোস্টে শোক প্রকাশ করেছে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই এলাকায় কর্মরত ত্রাণ সংস্থাগুলোকে সামরিক পাহারা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।  

হামলার ঘটনাটি যেখানে ঘটেছে সেই আবি আদি শহর এলাকায় টিপিএলএফের বাহিনীগুলোর তৎপরতা আছে বলে মন্ত্রণালয়টি দাবি করেছে। তবে ঘটনাটি কোথায় ঘটেছে এমএসএফ তা জানায়নি।

এ ঘটনায় বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে টিপিএলএফের কোনো মুখপাত্রের্ সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার বিষয়ে তারা ত্রাণ সংস্থাটি ও ইথিওপিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়ে মানবিক ত্রাণ কর্মীদের সুরক্ষার ‘পুরো দায়দায়িত্ব ইথিওপিয়ার সরকারের ওপর বর্তায়’ বলে মন্তব্য করেছে।