দৈনিক শনাক্ত কমায় বিধিনিষেধ শিথিলের প্রস্তুতি নিচ্ছে ভারত
ভারতে রোববার এক লাখ ১৪ হাজার ৪৬০ জন করোনাভাইরাস আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে; গত দুই মাসের মধ্যে যা সর্বনিম্ন।
যদিও দৈনিক মৃত্যু এখনও বাড়ছে। তারপরও সংক্রমণ বিস্তারের গতি কমতে থাকায় দেশটির কিছু কিছু অংশে বিধিনিষেধ শিথিলের প্রস্তুতি চলছে।
বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ দেশ ভারত, যুক্তরাষ্ট্রের পরই তালিকায় দেশটির অবস্থান।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী রোববার পর্যন্ত দেশটিতে দুই কোটি ৮৮ লাখের বেশি মানুষ করোনভাইরাসে সংক্রমিত হয়েছেন।
রোববার এ রোগে ভুগে সেখানে ২,৬৭৭ জনের মৃত্যু হয়। মোট মৃত্যু তিন লাখ ৪৬ হাজার ৭৫৯ জন।
মূলত এ বছর মার্চের দিকে শুরু হওয়া করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়ে ভারত। রাজধানী দিল্লিসহ বড় বড় নগর ও শহরাঞ্চলগুলোতে ভাইরাস মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে। যা নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে লকডাউন জারি করা হয়।
এখন সংক্রমণ কমতে শুরু করায় দিল্লিসহ কয়েকটি নগরীতে সোমবার থেকে লকডাউন শিথিল করে ব্যবসা-বাণিজ্য কার্যক্রমের গতি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
ভারতের ধনী রাজ্যগুলোর অন্যতম মহারাষ্ট্র। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এই রাজ্যটিকেই সবথেকে বেশি ভুগতে হয়েছে। গত এপ্রিল থেকে সেখানে কঠোর লকডাউন জারি করা হয়। এ সপ্তাহ থেকে যা শিথিল করার পরিকল্পনা করেছে স্থানীয় সরকার।
এদিকে বিজ্ঞানীরা এ বছরের শেষ নাগাদ ভারতে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন। যেটিতে শিশুরা বেশি সংক্রমিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশের সব মানুষকে দ্রুত টিকা দিয়ে এ মহামারী রুখতে চাইছে ভারত সরকার। গত ১৬ জানুয়ারি থেকে ভারতে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়। কিন্তু টিকাদানের গতি কম থাকায় সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে ব্যর্থ হয়েছে দেশটির সরকার।
বিশ্বের সবথেকে বড় টিকা উৎপাদনকারী দেশ হয়েও ভারতে টিকার সংকট দেখা দিয়েছে। তবে গত কয়েক সপ্তাহে সেখানে টিকা দানের গতি বেড়েছে। তারপরও এ বছর শেষে যখন সংক্রমণের তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে বলে শঙ্কা করা হচ্ছে তখনও দেশটির অধিকাংশ মানুষকে টিকার আওতার বাইরে থেকে যাবেন আশঙ্কা বিশেষজ্ঞদের।
