ক্যালিফোর্নিয়ার অ্যাসাল্ট অস্ত্র নিষিদ্ধের আইন বাতিল করলেন বিচারক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একজন বিচারক রাজ্যটির অ্যাসাল্ট অস্ত্র নিষিদ্ধের আইন বাতিল করেছেন।
ফেডারেল বিচারক রজার বেনিটেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে নাগরিকদের অস্ত্র বহনের যে অধিকার দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে তা লঙ্ঘন করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, তিনি এআর-১৫ রাইফেলকে ‘বাড়ি ও যুদ্ধ, উভয়ের জন্য ভালো’ বলে মন্তব্য করেছেন।
বিচারক বেনিটেজ তার পর্যবেক্ষণে বলেছেন, ক্যালিফোর্নিয়া যেভাবে সামরিক ধরনের রাইফেলের সংজ্ঞা নির্ধারণ করেছে তাতে রাজ্যটির বাসিন্দারা এমন সব অস্ত্র থেকে বঞ্চিত হয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলে অনুমোদিত।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোম এই রায়কে জননিরাপত্তার জন্য হুমকি বলে বর্ণনা করেছেন।
ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
রায়ের শুরুতে বিচারক বেনিটেজ লিখেন, “সুইস আর্মি নাইফের মতো জনপ্রিয় এআর-১৫ রাইফেল বাড়ি সুরক্ষার অস্ত্র হিসেবে এবং নিজ দেশের প্রতিরক্ষার উপকরণ হিসেবে একটি যথার্থ সমন্বয়। এটি বাড়ি ও যুদ্ধ, উভয়ের জন্য ভালো।”
তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার বর্তমান আইনে ‘মোটামুটি সাধারণ, জনপ্রিয়, আধুনিক রাইফেলও’ নিষিদ্ধ হয়ে আছে।
“এই মামলা দ্বিতীয় সংশোধনীর সুরক্ষার বাইরে থাকা অসাধারণ অস্ত্র নিয়ে নয়। নিষিদ্ধ করা ‘অ্যাসাল্ট অস্ত্রগুলো’ বাজুকা, হাউইৎজার বা মেশিনগান না। ওইসব অস্ত্রগুলো বিপজ্জনক এবং শুধু সামরিক উদ্দেশ্যের জন্য দরকারি,” রায়ে বলা হয়েছে।
বন্দুক নিষিদ্ধের বিপক্ষে থাকা একটি গোষ্ঠীর দায়ের করা ২০১৯ সালে মামলায় শুক্রবার এ রায় দেন আদালত।
গত বছর প্রাথমিক এক সিদ্ধান্তে এই বিচারক বলেছিলেন, ক্যালিফোর্নিয়ার অ্যাসাল্ট অস্ত্রের জটিল সংজ্ঞা সাধারণ বন্দুক মালিকদের অজান্তেই তাদের অবৈধ আগ্নেয়াস্ত্রের অধিকারী বানিয়ে দিতে পারে।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট দলীয় গভর্নর নিউসোম এই রায়কে এআর-১৬ রাইফেলের গুলিতে প্রিয়জন হারানো পরিবারগুলোর মুখে ‘চপেটাঘাত’ বলে বর্ণনা করেছেন।
ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগের কর্মকর্তারা তাদের রাজ্যের আইনের পক্ষ নিয়ে বলেছেন, অ্যাসাল্ট অস্ত্রগুলো আরও বিপজ্জনক এবং এগুলো প্রায়ই অপরাধীরা ব্যবহার করে ও নির্বিচার গুলিবর্ষণে ব্যবহৃত হয়ে থাকে।
১৯৮৯ সালে অ্যাসাল্ট অস্ত্রের ওপর প্রথম বিধিনিষেধ আরোপের আইন করে ক্যালিফোর্নিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যে এই রাজ্যটিতে আগ্নেয়াস্ত্রের ওপর সবচেয়ে কঠোর কিছু বিধিনিষেধ আরোপ করা আছে।
যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিয়ে চলমান উদ্বেগের মধ্যে এই রায়টি এল। সেখানকার বন্দুক সহিংসতাকে ‘মহামারী’ বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
গত মাসেই ক্যালিফোর্নিয়ায় নির্বিচার গুলিবর্ষণের একটি ঘটনা ঘটেছে। ওই ঘটনায় রাজ্যটির সান হোসের একটি রেল ইয়ার্ডে নয় সহকর্মীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেন রেলওয়ের একজন কর্মী।
