২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিয়ানের শীর্ষ দুই নেতার মিয়ানমার সফরের পরিকল্পনা

মিয়ামনারে সামরিক অভ্যুত্থানের পর করণীয় কী তা নিয়ে বিভক্ত দক্ষিণপূর্ব এশিয়ার ১০ দেশের জোট আসিয়ান। তার মধ্যেই এ সপ্তাহে মিয়ানমার সফরের পরিকল্পনা করেছেন আসিয়ানের চেয়ারপারসন ও মহাসচিব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 10:29 PM

Updated : 07 Apr 2022, 11:10 PM

বিষয়টি সম্পর্কে জানেন এমন চারজন কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন। তবে শেষ মুহূর্তের যৌক্তিক ও কূটনৈতিক অন্তরায়ের কারণে এ সফর বিলম্বিত কিংবা ভন্ডুল হতে পারে বলেও জানিয়েছেন তারা।

বর্তমানে আসিয়ানের চেয়ারম্যান পদে আছে ব্রুনেই। দেশটির পররাষ্ট্রবিষয়ক দ্বিতীয় মন্ত্রী এরওয়ান ইউসুফ এবং আসিয়ানের মহাসচিব লিম জোক হোইয়ের এ সপ্তাহেই মিয়ানমার সফরে গিয়ে সামরিক জান্তা ও অন্যান্যদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

 তবে সফরকালে এই দুই নেতা সামরিক জান্তার বিরোধী পক্ষর সঙ্গে সাক্ষাত করবেন কিনা তা পরিষ্কার নয়। মিয়ানমারে জান্তা-বিরোধী অনেকেই হয়ত এখন জেলে নয়ত আত্মগোপনে আছেন।

আসিয়ান এবং মিয়ানমারে জান্তাবিরোধীদের জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র কিংবা ব্রুনেইয়ের আসিয়ান মিশনের কেউ এ সফরের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

আসিয়ান নেতারা এর আগে সর্বসম্মতভাবে মিয়ানমারে সহিংসতা বন্ধের জন্য ৫ দফা প্রস্তাব গ্রহণ করেছিলেন । এর মধ্যে আছে সহিংসতা বন্ধ করা, আলোচনা শুরু করা, ত্রাণ সরবরাহ, বিশেষ দূত নিয়োগ, সব পক্ষের সঙ্গে আলোচনা করার জন্য মিয়ানমারে একটি প্রতিনিধি দল পাঠানো।

প্রস্তাবটি গৃহীত হওয়ার ৫ সপ্তাহেরও বেশি সময় পর দুই আসিয়ান নেতা মিয়ানমার সফরের এই পরিকল্পনা করেছেন।