গাজা পুনর্গঠনে অবদান রাখবে যুক্তরাষ্ট্র: ব্লিনকেন
ইসরায়েলের হামলার পর গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র অবদান রাখবে এবং সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
মঙ্গলবার জেরুজালেম সফরকালে ব্লিনকেন এ প্রতিশ্রুতি দেন।
তবে তিনি পরিষ্কার করে এও বলেছেন যে, সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত হামাস মানবিক ত্রাণ থেকে যাতে লাভবান না হয় তাও যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ১১ দিনের বিমান হামলা যুদ্ধবিরতির মধ্য দিয়ে অবসান হওয়ার পর জেরুজালেমে আঞ্চলিক সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথাও বলেছেন তিনি।
এরপর ব্লিনকেনকে সঙ্গে নিয়ে নেতানিয়াহু সাংবাদিকদের বলেছেন, “হামাস আবার সীমান্তের এপারে রকেট ছুড়লে খুবই শক্তিশালী পাল্টা জবাব দেওয়া হবে।”
কয়েকবছরের মধ্যে ইসরায়েল এবং গাজায় ফিলিস্তিনের সশস্ত্র দল হামাসের মধ্যে তুমুল লড়াইয়ের পর শত শত মানুষের প্রাণহানির পর মিশরের মধ্যস্থতায় দুপক্ষে যুদ্ধবিরতি হয়েছে। পাঁচদিন ধরে বহাল আছে এই যুদ্ধবিরতি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, “আমরা জানি, সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে হলে আমাদেরকে এই আপাত শান্ত অবস্থাকে অন্যান্য ইস্যু এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কাজে লাগাতে হবে। আর তা শুরু হতে পারে গাজার গুরুতর মানবিক পরিস্থিতি সামাল দেওয়া কিংবা গাজা পুনর্গঠন করা দিয়ে।”
“যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা নেবে এবং নিজস্বভাবেও ‘উল্লেখযোগ্য অবদান’ রাখবে।” এ সংক্রান্ত ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলেও জানিয়েছেন ব্লিনকেন।
