করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই ভিয়াতনামে নির্বাচন
ভিয়েতনামে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ দ্রুত বাড়তে থাকার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন। মাস্ক পরে ভোট দিচ্ছে জনগণ।
রোববার অনুষ্ঠিত এ ভোটে ৮৮৬ জন প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ৫০০ জন প্রতিনিধি।
রাজধানী হ্যানয়ের লং বিন এলাকায় একটি ভোটকেন্দ্রের বাইরে মাস্ক পরে ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়ে থাকতে গেছে ৩০ জন স্থানীয় ভোটারকে।
লাইন ধরার আগে তাদের দেহের তাপমাত্রা পরীক্ষা করা হয়। ভোটারদের জন্য ফ্রি মাস্ক ও স্যানিটাইজার বিতরণের ব্যবস্থাও ছাড়াও সার্বক্ষণিকভাবে মাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয় সবাইকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বয়স্ক ভোটার রয়টার্সকে বলেন, “আমি ভোট দিতে এসেছি, কারণ এটা আমার দায়িত্ব।”
পার্লামেন্টের প্রতিনিধিদের কার্যমেয়াদ ৫ বছর। গতবারের চেয়ে এবার স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে কম।
এবারের নির্বাচনে ৯২ শতাংশ প্রার্থীই কমিউনিস্ট পার্টির। ২০১৬ সালের নির্বাচনে পার্টির সদস্য নয় এমন প্রার্থীর সংখ্যা ছিল ৯৭ জন। কিন্তু এবার এমন প্রার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৪ জনে।
ভিয়েতনামে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উন্মুক্ততা বাড়লেও কমিউনিস্ট পার্টি দেশ ও গণমাধ্যমের ওপর কড়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং ভিন্নমত খুব কমই সহ্য করে।
ভিয়েতনামে নিবন্ধিত ভোটার আছেন প্রায় ছয় কোটি নব্বই লাখ, যারা দেশজুড়ে ৮০ হাজার ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন। পার্লামেন্ট নির্বাচন ছাড়াও একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন।ভোটগ্রহণের ২০ দিন পর প্রকাশিত হবে আনুষ্ঠানিক ফল।
“আমি আশা করি দেশের নাগরিক হিসেবে সব ভোটারই সবচেয়ে বিশ্বস্ত ও যোগ্য প্রতিনিধি নির্বাচিত করবেন,” নির্বাচনের প্রাক্কালে একথা বলেন জাতীয় পরিষদের চেয়ারম্যান।
