নিউ ইয়র্কে ‘ফৌজদারি’ তদন্তের মুখে ট্রাম্প অর্গানাইজেশন
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, তারা ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে ‘ফৌজদারি আইনের অধীনেও’ তদন্ত শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যটির অ্যাটর্নি জেনারেল ল্যাটিশিয়া জেইমসের একজন মুখপাত্র জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রপার্টি কোম্পানির বিরুদ্ধে চলা তদন্ত ‘আর পুরোপুরি দেওয়ানি আইনের অধীনে নেই’।
নিউ ইয়র্ক রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা হওয়ার আগে থেকেই জেইমস ট্রাম্পের আর্থিক লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছিলেন।
অন্যায় কোনো কিছু করার কথা অস্বীকার করে ডেমোক্র্যাটিক কৌঁসুলির চলমান তদন্তকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছেন ট্রাম্প।
জেইমসের মুখপাত্র ফ্যাবিয়ান লেভি মঙ্গলবার বিবিসিকে বলেছেন, “আমরা ট্রাম্প অর্গানাইজেশনকে জানিয়েছি, তাদের নিয়ে আমাদের তদন্ত আর পুরোপুরি দেওয়ানি পর্যায়ে নেই।
“ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও আমরা এখন ট্রাম্প অর্গানাইজেশনের বিষয়ে সক্রিয়ভাবে ফৌজদারি আইনের অধীনে তদন্ত শুরু করেছি। আমাদের আর কোনো মন্তব্য নেই।”
কী কারণে তদন্ত দেওয়ানি থেকে ফৌজদারিতে মোড় নিল তাদের দেওয়া বিবৃতিতে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এই তদন্তে সাবেক প্রেসিডেন্ট কোনো অভিযোগে জড়িয়ে পড়তে পারেন কিনা সে বিষয়েও কিছু বলা হয়নি।
ব্যাংক থেকে লোন নেওয়ার সময় ট্রাম্প তার সম্পদের মুল্য বেশি দেখিয়েছিলেন আর কর দেওয়ার সময় সেগুলোর মূল্য কম দেখিয়েছিলেন, এমন অভিযোগ নিয়ে ২০১৯ এর মার্চ থেকে দেওয়ানি তদন্ত শুরু করেছিলেন জেইমস।
ম্যানহাটন, নিউ ইয়র্ক রাজ্যের উত্তরাঞ্চল, শিকাগো ও লস অ্যাঞ্জেলসে ট্রাম্প অর্গানাইজেশনের চারটি সম্পত্তির বিষয়েও নথি অনুসন্ধান করছে অ্যাটর্নি জেনারেল জেইমসের দপ্তর।
