২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়ান্ডা: গরিব এক দেশের মহামারী ঠেকানোর গল্প

সাবিন সানজিমানা কখনও ভুলবেন না ১৩ মার্চ দিনটি। গত বছরের সেই দিনটিতেই রুয়ান্ডায় প্রথম কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2021, 08:39 AM

Updated : 10 Oct 2022, 05:57 PM

“আমার দলকে ডেকে নেওয়া হয়েছিল পরীক্ষা করে নিশ্চিত হতে,” বলেন তিনি।

রুয়ান্ডা বায়োমেডিকেল সেন্টারের মহাপরিচালক হিসেবে এই দায়িত্ব বর্তেছিল চিকিৎসক ও মহামারী বিশেষজ্ঞ সানজিমানার উপর।

“ইবোলা ভাইরাসের পরীক্ষাও আমাদের ল্যাবে আমরা করেছি। কিন্তু এটা করোনাভাইরাস। বিশ্বজুড়ে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা তিন বার পরীক্ষা করে দেখেছিলাম, নিশ্চিত হতে।”

ওই একটি রোগী শনাক্তের পরই লকডাউন ঘোষণা হয় রুয়ান্ডায়। সেই রুয়ান্ডায় এখন রোগীর সংখ্যা ২৫ হাজারের কিছু বেশি, এর মধ্যে মারা গেছেন ৩৩৮ জন।

পূর্ব আফ্রিকার ছোট্ট একটি দেশ রুয়ান্ডা, আয়তন মাত্র ২৬ হাজার বর্গ কিলোমিটার হলেও সোয়া কোটি জনসংখ্যার কারণে ওই অঞ্চলের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ এটি।

তার উপর দীর্ঘ গৃহযুদ্ধের ক্ষত বয়ে আসা কৃষিপ্রধান এই দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশপাশ তো বটেই, পশ্চিমা উন্নত অনেক দেশের তুলনায় নগন্য। তাদের এই সাফল্যের ভিত্তি কী?

Image
রুয়ান্ডার সাবেক স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বিনাগাওয়াহো

রুয়ান্ডার সাবেক স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বিনাগাওয়াহো

“গণতন্ত্রের পশ্চিমা ধরন বড্ড মেকি, যা করোনাভাইরাস মহামারী নগ্নভাবে দেখিয়ে দিয়েছে,” বলেন রুয়ান্ডার সাবেক স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বিনাগাওয়াহো। 

কীভাবে দেখাল- তিনি ব্যাখ্যা দেন এভাবে, “যেখানে কি না বলা হয়! মাস্ক কাজের কিছুই না! এটা যে মিথ্যা, সেটা কিন্তু তারা জানে। কারণ বিজ্ঞান তা প্রমাণ করে দিয়েছে। কিন্তু তারা তবুও বলে। কেন বলে? রাজনৈতিক কারণে, স্বার্থপরতার কারণে।”

“(সেখানে) রাজনীতি হল হত্যার একটি অস্ত্র। আসলে গণতন্ত্র হতে হয় জনগণকে কেন্দ্র করে, অহমিকার উপর ভর করে নয়,” বলেন বিনাগাওয়াহো।

‘আগে স্বাস্থ্য, তা ঠিক হলে অর্থনীতিও চলবে’

গত বছর রুয়ান্ডায় যারই করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল, তাকেই নিরাময় কেন্দ্রে নেওয়া হয়েছিল।

“এই কারণেই মৃত্যুর সংখ্যা ঠেকিয়ে রাখা গেছে,” বলেন ডা. সানজিমানা।

আর সেখানে ব্যবস্থাপনা এতটাই ভালো ছিল যে যেখানে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ৩ হাজার ৫০০ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছিল, সেখানে রুয়ান্ডায় হয় মাত্র দুজন।

Image
এই স্বাস্থ্যকর্মীরাই লড়ছে রুয়ান্ডায় মহামারী ঠেকাতে।

এই স্বাস্থ্যকর্মীরাই লড়ছে রুয়ান্ডায় মহামারী ঠেকাতে।

রুয়ান্ডায় স্বাস্থ্যকর্মীদের রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আটটি রোবট। এই রোবটরাই আক্রান্তদের খাবার দিত, হাসপাতাল পরিচ্ছন্ন করত।

“এই রোবটগুলো আমাদের এখনও আছে। বিমানবন্দরে যাত্রীদের তাপমাত্রা মাপায় সেগুলোকে ব্যবহার করা হচ্ছে,” বলেন এনসানজিমানা।

তার ভাষ্যে, কর্তৃপক্ষের উপর সাধারণ মানুষের আস্থা এবং বিজ্ঞানের উপর নির্ভরতাই রুয়ান্ডায় মহামারীর রাশ টেনে ধরতে পারার কারণ।

“আস্থাটা খুব গুরুত্বপূর্ণ। আর মনে রাখতে হবে, মহামারীর মাঝ পর্যায়ে এসে আপনি এই আস্থা অর্জন করতে পারবেন না।”

এই রুয়ান্ডায় আস্থাট হারিয়ে গিয়েছিল প্রায় তিন দশক আগে। ১৯৯৪ সালে হুতু আর তুতসিদের বিবাদে গণহত্যা দেখতে হয়েছিল রুয়ান্ডাবাসীকে। তাতে প্রায় ১০ লাখ লোক মারা যায় মাত্র ১০০ দিনে।

রুয়ান্ডান প্যাট্রিয়াটিক ফ্রন্টের সাবেক নেতা পল কাগামে এখন দেশটির প্রেসিডেন্ট, ২০০০ সাল থেকে এই দায়িত্বে তিনি। আগে ছিলেন ভাইস প্রেসিডেন্ট।

গৃহযুদ্ধ পেরিয়ে রুয়ান্ডায় স্থিতিশীলতা ফেরানোর কৃতিত্ব কাগামেকেই দেওয়া হয়ে থাকে, যদিও তার বিরুদ্ধে রয়েছে স্বৈরাচারী কায়দায় দেশ শাসনের অভিযোগ। বলা হয়, ভিন্নমত দমিয়ে রাখছেন তিনি।

মহামারী প্রতিরোধে কাগামে সরকারের কাজও সমালোচনার মধ্যে পড়েছে। হিউমেন রাইটস ওয়াচ বলছে, স্বাস্থ্য খাতেও সরকারের একনায়কসুলভ দৌরাত্ম্যই চলছে।

Image
আফ্রিকায় ফাইজারের টিকা প্রথম দেওয়া হল রুয়ান্ডায়। ফাইল ছবি: রয়টার্স

আফ্রিকায় ফাইজারের টিকা প্রথম দেওয়া হল রুয়ান্ডায়। ফাইল ছবি: রয়টার্স

কাগামের সরকারে ডা. বিনাগাওয়াহো ২০১৬ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে রুয়ান্ডার স্বাস্থ্য ব্যবস্থাটি গড়ে তোলেন।

এই নারী রাজনীতিক বলেন, তার পরিকল্পনার ভিত্তিই ছিল- স্বাস্থ্য সেবা হবে জনগণের, জনগণের জন্য এবং জনগণ দ্বারা পরিচালিত।

রুয়ান্ডার স্বাস্থ্যকর্মীরাও স্থানীয় জনগণ দ্বারা নির্বাচিত। আর এটাই তাদের সফলতার অন্যতম চাবিকাঠি বলে মনে করেন বিনাগাওয়াহো।

রুয়ান্ডার শিশুদের টিকা দেওয়ার হার আন্তর্জাতিক হারের কাছাকাছি, শিশু মৃত্যুর হার কমছে, বাড়ছে আয়ু।

কমিউনিটিভিত্তিক দল রুয়ান্ডায় কোভিড-১৯ ব্যবস্থাপনার মূল কাজটি করছে। এরা নমুনা সংগ্রহ করছে, সম্ভাব্য সংক্রমিতদের চিহ্নিত করছে, আক্রান্তদের সেবা দিচ্ছে। আর এজন্য রুয়ান্ডায় কাউকে কোনো খরচ করতে হচ্ছে না।

ডা. সানজিমানা বলেন, বিজ্ঞান এবং সর্বশেষ তথ্য দ্রুত সরবরাহ, স্বাস্থ্যকর্মীদের মধ্যে সমন্বয় রুয়ান্ডার সাফল্যের উৎস।

“এখানে একজন চিকিৎসক, হাসপাতালের প্রধানের সঙ্গে এক ঘণ্টার মধ্যে যোগাযোগ করা যায়। হয়ত বড় বড় দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থা কিংবা কাঠামো জটিল বলে সেটাই তাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

Image
লকডাউনে রুয়ান্ডা। ফাইল ছবি: রয়টার্স

লকডাউনে রুয়ান্ডা। ফাইল ছবি: রয়টার্স

রুয়ান্ডার ৫৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে। যখন দেশটি লকডাউন দিয়েছিল, তখন এই মানুষগুলোর খাবারের চাহিদা মেটানো ছিল বড় চ্যালেঞ্জ।

তারপরও সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তা সামালেও সমস্যা হয়নি বলে জানান ডা. সানজিমানা।

“যদি মানুষ স্বাস্থ্যবান থাকে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক পথে থাকে, তবে অর্থনীতি শক্তিশালী হবেই, এটাই ছিল আমাদের নীতি।”

এজন্য গ্রামপ্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সব মানুষকে চিহ্নিত করার, যাদের সাহায্য প্রয়োজন। আর তাদের সরকারের তরফ থেকে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছিল।

আর এই কারণেই লকডাউন সফল হয়েছিল বলে দাবি করেন ডা. সানজিমানা।

“আপনি যদি মানুষকে বাধ্য করাতে চান, তাহলে তাদের মৌলিক চাহিদাটি আপনার পূরণ করতে হবে।”

আর ‘কমিউনিটি বেইজড হেলথ ইন্সুরেন্স’ও ভালো ফল দিয়েছে বলে মনে করা হচ্ছে। রুয়ান্ডায় প্রায় সব নাগরিকই এই ইন্সুরেন্সের আওতায় রয়েছে।

“যদি সবার সমান প্রাপ্যতা আপনি নিশ্চিত করতে পারেন, তবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। সেটা করা গেছে বলেই কোভিড-১৯ সামাল দিতে আমরা অনেকের চেয়ে সফল,” বলেন অ্যাগনেস বিনাগাওয়াহো। 

‘দ্রুত পদক্ষেপ’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ কে মহামারী ঘোষণার দুই মাস আগেই গত বছরের জানুয়ারিতে চীনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল রুয়ান্ডা।

পরিস্থিতির গুরুত্ব বোঝার কারণেই আগে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া গেছে বলে মনে করেন ডা. বিনাগাওয়াহো।

“আমরা পদক্ষেপ নিয়েছিলাম, কেননা আমরা বুঝতে পেরেছিলাম, যদি পর্যটকরা আসে, তাহলে আমরা ঝুঁকিতে পড়ব। আর ততদিনে আমাদের সামনে অনেক বৈজ্ঞানিক তথ্যই চলে এসেছে।”

রুয়ান্ডার জনগণের মধ্যে যুবক বেশি। তানজানিয়া, বুরুন্ডি, কঙ্গোর সীমানার এই দেশটির মানুষের আন্তঃদেশীয় যাতায়াতও বেশি।

Image
রুয়ান্ডা বায়োমেডিকেল সেন্টারের মহাপরিচালক সাবিন সানজিমানা

রুয়ান্ডা বায়োমেডিকেল সেন্টারের মহাপরিচালক সাবিন সানজিমানা

আর তাই ট্রাকচালকদের যাতায়াতের ঝুঁকি কমাতে পাশের দেশগুলোর সঙ্গে কাজ করেছে রুয়ান্ডা।

“কাজটি এত সহজ ছিল না। আমরা ভ্রাম্যমাণ পরীক্ষা কেন্দ্র চালু করি সীমান্তগুলোতে। দ্রুত পরীক্ষা করে সেখানে ফল দেওয়ার ব্যবস্থা করা হয়,” বলেন ডা. সানজিমানা।

তিনি জানান, মহামারীর শুরুতে তাদের একটি মাত্র ল্যাব ছিল করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য, যেখানে কর্মী ছিল ছয়জন। আর এখন ২০০ ল্যাবে দৈনিক ১০ হাজার নমুনা পরীক্ষা করা যাচ্ছে। আরটি পিসিআর দিয়ে শুরু করার পর এখন দ্রুত ফল পেতে অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে।

কোভ্যাক্সের আওতায় রুয়ান্ডা ইতোমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের সাড়ে ৩ লাখ ডোজ টিকা পেয়েছে। গত মার্চে সেটা পাওয়ার পর প্রয়োগও শুরু হয়েছে।

তবে দেশের ৬০ শতাংশ মানুষকে টিকা দিতে কমপক্ষে ১ কোটি ৩০ লাখ টিকা প্রয়োজন বলে হিসাব করে দেখেছে রুয়ান্ডা সরকার। আর এজন্য কোভিড-১৯ টিকা তৈরির প্রস্তাবও দিয়েছে দেশটি।

[অস্ট্রেলিয়ার এবিসি নিউজ অবলম্বনে]