ফিলিস্তিনিদের ওপর বর্ণবাদী নিপীড়ন চালাচ্ছে ইসরায়েল: এইচআরডব্লিউ
ইসরায়েল সরকার নিজদেশের সংখ্যালঘু আরব জনগোষ্ঠী ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদমূলক নীতি নিয়েছে এবং তাদের উপর নিপীড়ন চালাচ্ছে- যা মানবতাবিরোধী অপরাধের সামিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এই অভিযোগ করেছে।
মঙ্গলবার এ বিষয়ে ২১৩ পাতার একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক এই মানবাধিকার সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় একসময় যে রাষ্ট্রীয় বর্ণবাদ বিরাজমান ছিল, ইসরায়েলের বর্ণবাদ ঠিক তেমন নয়। কিন্তু সেখানে ‘সুনির্দিষ্ট কিছু আইন ও নীতি’ আছে যা আন্তর্জাতিক আইনের অধীনে বর্ণবাদ হিসেবে বিবেচিত হয়।
প্রতিবেদনে ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে জোর করে বের করে দেওয়া, তাদের বাড়ি নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ, চলাচলের ওপর বিধিনিষিধ আরোপ করাসহ হাজার হাজার ফিলিস্তিনি যারা নানা দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়ে আছেন, তাদের নিজ ভূমিতে ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য এসব অভিযোগকে ‘বানোয়াট এবং মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। উল্টো তিনি হিউম্যান রাইটর্স ওয়াচের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, তাদের ‘ইসরায়েল বিরোধী এজেন্ডা আছে’।
তিনি বলেন, ‘‘এই সংগঠনটি বছরের পর বছর ধরে ইসরায়েলকে বয়কট করার প্রচারণা চালিয়ে যাচ্ছে।”ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন।
প্রতিবেদন প্রকাশের পর আব্বাস বলেন, ‘‘তাদের সরকার, সংস্থা এবং কোম্পানি যেন কোনওভাবেই ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ বা মনবতা বিরোধী অপরাধ কার্যক্রম চালাতে না পারে তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করতে হবে।”
মাত্র কয়েক সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় সংগঠিত যুদ্ধাপরাধ নিয়ে তদন্তের ঘোষণা দেয়। যেখানে ইসরায়েলের সেনাবাহিনী এবং হামাসের মত ফিলিস্তিনের সশস্ত্রবাহিনীগুলো সম্ভাব্য দোষী হতে পারে।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বর্ণবাদী নীতি এবং নিপীড়নের উদাহরণ হিসেবে ফিলিস্তিনিদের চলাচলের উপর ইসরায়েলের আরোপ করা নানা বিধিনিষেধ এবং ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েলের দখল করা ফিলিস্তিন ভূখণ্ডে জোর করে ইহুদি বসতি স্থাপনের বিষয়টি উল্লেখ করা হয়।
বলা হয়, ‘‘ইসরয়েল জুড়ে এবং ফিলিস্তিনিদের দখলকৃত ভূমিতে ইহুদি ইসরায়েলিদের সুবিধার জন্য এবং ইহুদিদের আধিপত্য বজায় রাখতে ইসরায়েল কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ভূমি ও জনসংখ্যার উপর নিয়ন্ত্রণের নীতি অনুসরণ করছে।
“সবশেষে প্রতিবেদনটিতে বলা হয়, এর ভিত্তিতে বলা যায়, ইসরায়েল কর্তৃপক্ষ সেখানে বর্ণবাদী আচরণ এবং নিপীড়ন করছে। ১৯৭৩ সালের বর্ণবাদী কনভেশন এবং ১৯৯৯ সালের রোম আইন অনুসারে যা মানবতা বিরোধী অপরাধ।”
ইসরায়েলে সংখ্যালঘু আরবরা মোট জনসংখ্যার ২০ শতাংশের কিছু বেশি।
এছাড়া, ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ২৫ লাখ ফিলিস্তিনি বসবাস করে। ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে আরো সাড়ে তিন লাখ ফিলিস্তিনির বাস। গাজা ভূখণ্ডে বাস করেন প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি।
