কোভিড: সাহায্যের জন্য হাসপাতালে সামরিক চিকিৎসক পাঠাচ্ছে ভারত
কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ভারতের হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ছে। শয্যা, অক্সিজেন, ওষুধসহ চিকিৎসা সামগ্রীর সংকটে চরম বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছে। সশস্ত্র বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করার নির্দেশ দিয়েছে সরকার।
হাসপাতালগুলোতে সাহায্যের জন্য এবার অবসরপ্রাপ্ত সামরিক চিকিৎসকরা কোভিডের চিকিৎসা করবেন।
সোমবার চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক বৈঠকের পর বলেন, চলমান পরিস্থিতি সামাল দিতে সশস্ত্র বাহিনী তাদের রিজার্ভ থেকে হাসপাতালে অক্সিজেন পাঠাবে।
এছাড়া, অবসরপ্রাপ্ত সামরিক চিকিৎসা কর্মকর্তারা দেশজুড়ে নানা হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেবেন।
সম্ভব হলে সামরিক বাহিনীর হাসপাতালগুলোতে বেসামরিক নাগরিকদের জন্যও চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
ভারতে কোভিড-১৯ সংক্রমণ এতটাই লাগামহীন হয়ে পড়েছে যে টানা পঞ্চম দিনের মত দেশটি দৈনিক রোগী শনাক্তে বিশ্ব রেকর্ড গড়েছে। দৈনিক মৃত্যুতেও প্রায়ই নতুন রেকর্ড হচ্ছে।
এক টুইটে ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘‘এবারের কোভিড-১৯ সংক্রমণ মোকাবেলায় আকাশ, রেল, সড়ক ও সাগর; স্বর্গ এবং পৃথিবী সবাই একজোট হয়ে কাজ করছে।”
গত রোববার প্রধানমন্ত্রী মোদী দেশের সব নাগরিকের কাছে টিকা গ্রহণের অনুরোধ করেছে। দেশের বর্তমান পরিস্থিতিকে তিনি ‘করোনাভাইরাস সংক্রমণের ঝড়’ বলে বর্ণনা করেন।
বর্তমান পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশও ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং জার্মানি ভারতে জরুরি চিকিৎসা সরঞ্জামাদি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।
যুক্তরাজ্য এরই মধ্যে ভেন্টিলেটর এবং অক্সিজেন কনসেনট্রেটরের একটি চালান ভারতে পাঠিয়েছে। মঙ্গলবার সকালে যেটির দিল্লি পৌঁছানোর কথা।
ভারতের দক্ষিণের রাজ্য কর্নাটকে মঙ্গলবার থেকে ১৪ দিনের লকডাউন শুরু হচ্ছে। মহারাষ্ট্রে আগে থেকেই লকডাউন চলছে। যার মেয়াদ ১ মে পর্যন্ত ঘোষণা করা হয়েছে।
যদিও কয়েকটি রাজ্য এ সপ্তাহে লকডাউন তুলে দেওয়ার কথাও ভাবছে।
ভারতে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এতটা মারাত্মক রূপ নেওয়ার জন্য বিভিন্ন রাজ্যে স্থানীয় সরকার নির্বাচন এবং নানা ধর্মীয় উৎসব আয়োজনকে দায়ী করা হচ্ছে।
