২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিডে মৃত তৃণমূলের কাজল, এ নিয়ে ৩ প্রার্থীর মৃত্যু পশ্চিমবঙ্গে

ভোটের লড়াইয়ে নামলেও ফল দেখে যেতে পারলেন না পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে খড়দহ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সিনহা। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। এ নিয়ে মোট তিন প্রার্থীর মৃত্যু হল রাজ্যটিতে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2021, 06:58 PM

Updated : 07 Apr 2022, 11:01 PM

রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় রোববার এক টুইটে কাজলের মৃত্যুর খবর দেন বলে জানিয়েছে এনডিটিভি।

টুইটে মমতা লেখেন, ‘‘খুব, খুব দুঃখের খবর। হতাশার। কাজল সিনহা, আমাদের খড়দহ আসনের প্রার্থী কোভিড আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি জনগণের সেবা করে এবং অক্লান্তভাবে নির্বাচনী প্রচারের লড়াই চালাতে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি তৃণমূলের দীর্ঘদিনের বিশ্বস্ত সদস্য ছিলেন।

আমাদের সব সময় তার কথা মনে পড়বে। তার পরিবার ও স্বজনদের প্রতি আমার সমবেদনা।”খড়দহ আসনে কাজলের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

কলকাতার দৈনিক আনন্দবাজার জানায়, এর আগে করোনাভাইরাস আক্রান্ত হয়ে রাজ্যে দুই প্রার্থীর মৃত্যু হয়েছিল। কিছুদিন আগে সামশেরগঞ্জে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হক মারা যান।

এরপরদিনই মৃত্যু হয় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। এবার তৃণমূলের কাজলকে নিয়ে কোভিডে মোট তিন প্রার্থী মারা গেল।

কাজলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শীলভদ্র বলেন, ‘‘এবারের ভোটে আমরা পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এটা ঠিক। কিন্তু সেই লড়াইয়ের প্রভাব ব্যক্তিগত সম্পর্কে পড়েনি। ব্যক্তিগতভাবে আমরা একে অপরের বন্ধু ছিলাম।

“কী বলব, কী বলব না, ভেবে পাচ্ছি না। একটাই কথা মনে হচ্ছে বারবার, এতদিন একসঙ্গে ছিলাম। একসঙ্গে লড়েছি। এই প্রথমবার মুখোমুখি লড়াই হল। সেই ফলটা দেখে গেলি না কাজল! ফল যাই হোক না কেন, আমরা তো একসঙ্গেই থাকতাম।’’

ভারতে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ মারাত্মক রূপ নিয়েছে; হু হু করে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। টানা কয়েকদিন ধরে সেখানে দৈনিক শনাক্তের বিশ্বরেকর্ড হচ্ছে।

তার মধ্যেই পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার নির্বাচনের জন্য আট দফায় ভোট গ্রহণ চলছে। ভারতের যেসব রাজ্যে কোভিড-১৯ পরিস্থিতি ভয়াবহ, পশ্চিমবঙ্গ তার একটি। শনিবার সেখানে ১৪ হাজার ২৮১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। যা রাজ্যে একদিনে শনাক্তের রেকর্ড।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভারতে করোনাভাইরাস সংক্রমণ বেশ কমে গিয়েছিল। দৈনিক শনাক্ত ২০ হাজারের নিচে নেমে গিয়েছিল। কিন্তু মার্চের শুরু থেকে সংক্রমণ বাড়তে থাকে।

ওই মাসেই পশ্চিমবঙ্গে জোরেশোরে নির্বাচনী প্রচার শুরু হয়। স্বাস্থ্যবিধি সম্পূর্ণ উপেক্ষা করে প্রার্থীরা বড় বড় নির্বাচনী মিছিল ও সমাবেশ করেন। এমনকি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজ দলের পক্ষে প্রচার চলাতে পশ্চিমবঙ্গে বড় বড় সমাবেশ আয়োজন করেন।

দেশের বর্তমান কোভিড পরিস্থিতির জন্য তারা এখন দারুণভাবে সমালোচিত হচ্ছেন।

এনডিটিভি জানায়, পশ্চিমবঙ্গে সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির নির্বাচন কমিশন এ সপ্তাহের শুরুতে সেখানে নির্বাচনী মটোর শোভাযাত্রা এবং পদযাত্রা নিষিদ্ধ করে।

এছাড়া, নির্বাচনী জনসমাবেশে পাঁচশ বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না বলে নিয়ম জারি করা হয়েছে।

আট দফা নির্বাচনের প্রথম ছয় দফায় ভোট গ্রহণ হয়ে গেছে। বাকি দুই দফা ভোট গ্রহণ পেছানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী গত বৃহস্পতিবার তার পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন। শুক্রবার সেখানে তার একটি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল। দেশের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে ওই দিন তিনি জরুরি বৈঠক করেন।