২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াকে দেড় লাখ টিকা দিল চীন

মহামারী মোকাবেলায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে দেড় লাখ সিনোফার্ম করোনাভাইরাস টিকার ডোজ পাঠিয়েছে চীন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Apr 2021, 11:07 PM

Updated : 07 Apr 2022, 11:01 PM

শনিবার দেশটির রাজধানী দামেস্কে চীনের এই অনুদান পৌঁছায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিরীয় কর্মকর্তারা জানিয়েছেন, একই পরিমাণ টিকার আরেকটি চালান পাঠানোরও পরিকল্পনা হয়েছে। 

দামেস্ক বিমানবন্দরে সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী হাসান ঘাবাশ সাংবাদিকদের বলেন, “আমরা এই সহায়তার প্রশংসা করি। এই টিকা স্বাস্থ্য মন্ত্রণালয়কে মহামারী মোকাবেলার সুযোগ করে দেবে। স্বাস্থ্য, সমাজ ও অর্থনীতিতে এর প্রভাব হ্রাস করতে ভূমিকা রাখবে।

প্রথমে সকল স্বাস্থ্যকর্মী, তারপর বয়স্কদের এবং এরপর গুরুতর অসুস্থদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সিরিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছেন, টিকার পরবর্তী দেড় লাখ ডোজ শিগগির পৌঁছে যাবে। 

সিরীয় কর্মকর্তারা জানিয়েছেন, তাদের দেশ টিকা নিয়ে রাশিয়ার সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে।

কিন্তু এখনও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান মিত্র দেশটির কাছ থেকে কোনো টিকা পাওয়ার কথা ঘোষণা করেনি দামেস্ক, জানিয়েছে রয়টার্স।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বব্যাপী ‘কোভ্যাক্স’ উদ্যোগের অংশ হিসেবে চলতি সপ্তাহে সিরিয়া অ্যাস্ট্রজেনেকার কোভিড-১৯ টিকার প্রায় দুই লাখ ডোজের প্রথম চালান পেয়েছে।

সামনের সপ্তাহগুলোতে টিকার আরও চালান আসবে, এমন প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

টিকা কর্মসূচীর জন্য সিরিয়াজুড়ে স্বাস্থ্যকর্মীদের টিম মোতায়েন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসব টিম সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোর পাশাপাশি বিদেশি রাষ্ট্র নিয়ন্ত্রিত দেশটির কিছু এলাকায়ও টিকা কর্মসূচী পরিচালনা করবে।