২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

ইসরায়েলে সাধারণ নির্বাচনের তিনদিন আগে প্রধানমন্ত্রীর জেরুজালেমের বাসভবনের বাইরে এক বিক্ষোভে হাজারো মানুষ বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2021, 12:18 PM

Updated : 07 Apr 2022, 10:53 PM

রাজনৈতিক টানাপোড়েনে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে মাত্র দুই বছরের মধ্যে চারবার পার্লামেন্ট নির্বাচন হতে যাচ্ছে।

শনিবার জেরুজালেমে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভকারীরার রাস্তায় যানবাহন চলাচল আটকে দিয়ে, পতাকা নাড়িয়ে, ড্রাম বাজিয়ে, শিঙায় ফুঁ ও স্লোগান দিয়ে ৭১ বছর বয়সী রক্ষণশীল প্রধানমন্ত্রীকে সরে যাওয়ার আহ্বান জানান।

গত কয়েক বছর ধরে নেতানিয়াহুবিরোধী যত বিক্ষোভ হয়েছে তার মধ্যে শনিবারেরটাতেই তুলনামূলক বেশি লোক ছিল; এদিনের বিক্ষোভে প্রায় ২০ হাজার মানুষ অংশ নিয়েছে বলে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার হতে যাওয়া নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিই সবচেয়ে বেশি আসন পাওয়া দল হিসেবে আবির্ভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এবারের নির্বাচনেও আগের তিনবারের মতোই কোনো দল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে জনমত জরিপগুলোতে ইঙ্গিত মিলেছে।

ফের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা নেতানিয়াহু এমনিতেই বেশ চাপে আছেন। দুর্নীতির দায়ে বিচারের মুখোমুখি হওয়া এ প্রধানমন্ত্রী ইসরায়েলে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কার্যকর ভূমিকা নিতে পারেননি বলেও ভাষ্য সমালোচকদের। 

তবে দেশজুড়ে দ্রুত কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু, লকডাউনের পর অর্থনীতি সচল এবং বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়াকে পুঁজি করে এবারের নির্বাচনেও লিকুদ পার্চি ভালো করবে বলে আশা নেতানিয়াহুর।

ইসরায়েলের এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মামলা চলছে; নেতানিয়াহু অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করে আসছেন।