২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: মার্কিন কংগ্রেস সদস্য রন রাইটের মৃত্যু

কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য রন রাইটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2021, 03:20 PM

Updated : 07 Apr 2022, 10:44 PM

দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে কোনো কংগ্রেস সদস্যের প্রাণ যাওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে এ মহামারীতে প্রায় ৪ লাখ ৬৪ হাজার মানুষের মৃত্যু দেখেছে।

৬৭ বছর বয়সী টেক্সাসের রিপাবলিকান আইনপ্রণেতা রাইট ক্যান্সারের সঙ্গেও লড়ছিলেন। ২০১৮ সালে কংগ্রেসের সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি প্রতিনিধি পরিষদের শিক্ষা, শ্রম ও পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কমিটিতেও কাজ করেছেন।

গত এক বছরে যুক্তরাষ্ট্রের সেনেট ও প্রতিনিধি পরিষদের কয়েক ডজন সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেও বেশিরভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

রাইটই এখন পর্যন্ত মার্কিন কংগ্রেসের একমাত্র সদস্য, দায়িত্বে থাকা অবস্থায় যার মৃত্যু হল।

আরেক রিপাবলিকান, নভেম্বরের নির্বাচনে লুইজিয়ানার একটি আসন থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত ৪১ বছর বয়সী লুক লেটলোও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

আইনপ্রণেতা হিসেবে শপথ নেওয়ার আগেই গত বছরের শেষদিকে তার মৃত্যু হয়।

“সাংবিধানিক রক্ষণশীল হিসেবে স্মরণে থাকবেন কংগ্রেস সদস্য রাইট। তিনি দেশপ্রেমিক ছিলেন, মতাদর্শের ব্যাপারে কট্টর ছিলেন না।

“ক্যান্সারের চিকিৎসার কষ্টদায়ক কয়েকটি বছরে কখনো কখনো খুব দুর্বল হয়ে পড়লেও রনের মধ্যে কখনোই ঘুরে দাঁড়ানো ও কাজে যাওয়ার আগ্রহে ঘাটতি দেখা যায়নি; ঘাটতি দেখা যায়নি আশপাশের সবাইকে উদ্দীপ্ত করতে কিংবা অভিভাবকসুলক পরামর্শ দেওয়ার ব্যাপারেও,” সোমবার দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছে রাইটের কার্যালয়।