২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় মেলবোর্নে টাওয়ার লকডাউন ‘মানবাধিকারের লঙ্ঘন’

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তড়িঘড়ি ৯ টি টাওয়ার ব্লক লকডাউনের পদক্ষেপে মানবাধিকার আইন লঙ্ঘিত হয়েছে। ন্যায়পালের এক তদন্ত প্রতিবেদনে একথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2020, 09:57 PM

Updated : 08 Apr 2022, 01:47 AM

রাজ্য সরকারের নির্দেশে গত ৪ জুলাই থেকে দুই সপ্তাহ পর্যন্ত ওই সরকারি হাউজিং টাওয়ারগুলোর প্রায় ৩ হাজার মানুষ তাদের নিজ নিজ বাড়িতেই পুলিশ প্রহরায় বন্দি হয়ে ছিল।

তাদেরকে আগে থেকে লকডাউনের কোনও নোটিশ না দিয়েই এভাবে কড়াকড়ি আরোপ করা হয়। যার কারণে অনেককেই খাবার এবং ওষুধের সমস্যায় পড়তে হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

ভিক্টোরিয়ার ন্যায়পাল ডেবোরাহ গ্লাস বুধবার রাজ্য পার্লামেন্টে এই প্রতিবেদন জমা দিয়েছেন। এতে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে নেওয়া আইসোলেশনের ওই পদক্ষেপ টাওয়ারের বাসিন্দাদের স্বাস্থ্য ও কল্যাণে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তারা লকডাউনের প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়নি; যে সুযোগ পেয়েছে রাজ্যের বাদবাকি মানুষ। তাই টাওয়ারের মানুষদের এই ক্ষতি এবং দুর্ভোগের জন্য তাদের কাছে সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ন্যায়পাল।

তবে বাসস্থান মন্ত্রী রিচার্ড উইনি এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে বিবিসি। তিনি বলেছেন, “মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা কোনও ক্ষমা চাইতে পারি না।”

কী ঘটেছিল টাওয়ারে?

জুলাইয়ের প্রথমদিকে মেলবোর্নে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পরই কর্তৃপক্ষ তা শনাক্ত করা এবং সংক্রমণ ঠেকাতে তৎপর হয়।

আর তখনই ওই টাওয়ারগুলোতে গুচ্ছ সংক্রমণ ধরা পড়ে। এরপর স্বাস্থ্য কর্মকর্তারা ৪ জুলাইয়ে লকডাউনের সুপারিশ করার পর ৫ জুলাই থেকেই তা শুরু করার কথা বলেন।

কিন্তু রাজ্যের প্রধানমন্ত্রী ৪ জুলাইয়ে তাৎক্ষণিকভাবে লকডাউন শুরুর ঘোষণা দেন। এ ঘোষণার পরই হাউজিং টাওয়ারগুলোতে পুলিশ প্রহরা শুরু হয়ে যায়।

বেশির ভাগ বাসিন্দাই পুলিশকে তাদের বাড়ি ঘিরে ফেলতে দেখে লকডাউনের কথা জানতে পেরেছিল বলে তদন্ত প্রতিবেদনে জানিয়েছেন ন্যায়পাল ডেবোরাহ।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই লকডাউন স্বাস্থ্য কর্মকর্তাদের পরামর্শর ভিত্তিতে নয়, বরং রাজ্য সরকারের সিদ্ধান্তেই আরোপ করা হয়েছিল।

টাওয়ারগুলোতে এই লকডাউন ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠোর লকডাউনের পদক্ষেপ। এর আওতায় সেখানকার বাসিন্দাদের এক সপ্তাহেরও বেশি সময় ঘরে বন্দি করে রাখা হয়েছিল।