ইরানের বিজ্ঞানী হত্যায় জড়িত কয়েকজন গ্রেপ্তার
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যায় জড়িতদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকারের এক উপদেষ্টা একথা জানিয়েছেন।
মঙ্গলবার উপদেষ্টা হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, “এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী তাদেরকে গ্রেপ্তারও করেছে। তারা বিচার থেকে রেহাই পাবে না।”
আবদুল্লাহিয়ান ইরানের আরবি ভাষার আল-আলম টিভিতে একথা বলেছেন বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ।
আবদুল্লাহিয়ান বলেন, “আমেরিকান (গোয়েন্দা) বা অন্য কোনও গোয়েন্দা সহযোগিতা ছাড়া ইসরায়েল কী এই কাজ (হত্যা) একা করতে পেরেছে? অবশ্যই না।”
গত ২৭ নভেম্বর চোরাগোপ্তা হামলায় নিহত হন মোহসেন ফাখরিজাদেহ। তাকে হত্যার ঘটনা নিয়ে ইরান পরষ্পরবিরোধী একাধিক ভাষ্য দিয়েছে এবং এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দুষেছে।
ফাখরিজাদেহ ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন সংগঠনের প্রধান ছিলেন। তাকে ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির হোতা বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন থেকেই সন্দেহ করে আসছিল।
তবে তেহরান এমন গোপন কর্মসূচির কথা বরাবরই অস্বীকার করে এসেছে।
ইরান ফাখরিজাদেহ হত্যাকাণ্ডে ইসরায়েলের দিকে অভিযোগের তীর ছুড়লেও ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনও এর দায় স্বীকার বা অস্বীকার করে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেওয়া হয়নি।
