বাইডেনের দিকে ঝুঁকছেন কিছু রিপাবলিকান
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আইনজীবীরা এখনও নির্বাচনের ফল নিয়ে আইনি লড়াইয়ে লেগে থাকলেও খোদ রিপাবলিকান পার্টিরই একাংশ এখন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে ঝুঁকছে।
এই রিপাবলিকান সদস্যরা বলছেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের এখন জাতীয় গোয়েন্দা ব্রিফিং পাওয়া উচিত। যদিও ট্রাম্প এবং নেতৃস্থানীয় রিপাবলিকানদের মধ্যে এখনও বাইডেনকে স্বাগত জানানোর কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
কিন্তু বুধবার ওকলাহোমার রিপাবলিকান সিনেটর জেমস ল্যাঙ্কফোর্ড একটি স্থানীয় বেতারে বলেছেন, নবনির্বাচিত প্রেসিডেন্টের উচিত এ সপ্তাহান্তেই জাতীয় গোয়েন্দা তথ্যের বিবরণ পাওয়া।
সিএনএন জানায়, ল্যাঙ্কফোর্ডের এই কথার পরই রিপাবলিকান দলের আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন সদস্য তার সঙ্গে একমত পোষণ করেছেন।
এদের মধ্যে আছেন আইওয়ার রিপাবলিকান সিনেটর চাক গ্রেসলি, সিনেট মেজোরিটি হুইপ জন টিউন, এমনকী ট্রাম্পের একান্ত অনুগত সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামও; যিনি ট্রাম্পকে নির্বাচনে হার না মানতে উৎসাহ দিয়েছিলেন।
ওহাইও’র রিপাবলিকান গভর্নর মাইক সিএনএন এর ‘নিউ ডে’ শো তে বলেছেন, “ সাবেক ভাইস প্রেসিডেন্টকে (জো বাইডেন) নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে আমাদের ভেবে দেখা প্রয়োজন।”
দেশ এখন আরও অনেক জরুরি পরিস্থিতির মুখে আছে জানিয়ে ওহাইও’র এই গভর্নর বলেন, “আমি করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন। মামলায় কি আছে না আছে সেদিকে আমি তাকাচ্ছি না। দেখা যাবে জো বাইডেনই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন। আমেরিকার এখন একটি দেশ হিসাবে এক হওয়া দরকার।”
