করোনাভাইরাস: যুক্তরাজ্য, বেলজিয়াম, ফিলিপিন্স থেকে চীনে ঢোকা বন্ধ
বিশ্বব্যাপী কোভিড-১৯ এর ব্যাপক বিস্তৃতিতে উদ্বিগ্ন চীন এবার যুক্তরাজ্য, বেলজিয়াম ও ফিলিপিন্স থেকে তার মূল ভূখণ্ডে প্রবেশ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
তবে প্রবেশ করতে চাওয়া ব্যক্তি চীনের নাগরিক হলে তার ক্ষেত্রে এ বাধা থাকছে না, বলেছে তারা।
এই তিন দেশের পাশাপাশি চীনে ঢুকতে হলে এখন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি থেকে যাওয়া ভ্রমণকারীদের অতিরিক্ত কিছু স্বাস্থ্য পরীক্ষার ফলও দেখাতে হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৬ নভেম্বর থেকে এ বিধিনিষেধ কার্যকর হচ্ছে।
এক বিবৃতিতে যুক্তরাজ্যের চীন দূতাবাস জানিয়েছে , বৈধ ভিসা এবং চীনে থাকার অনুমতি থাকলেও করোনাভাইরাসের কারণে এখন যুক্তরাজ্য থেকে যাওয়া চীনা নাগরিক নন এমন ভ্রমণকারীদের চীনে প্রবেশ সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
বেলজিয়াম ও ফিলিপিন্সের চীন দূতাবাসও একই ধরনের বিবৃতি প্রকাশ করেছে।
বেইজিংয়ের এমন পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে চীনের ব্রিটিশ চেম্বার অব কমার্স।
“আকস্মিক এ ঘোষণা এবং চীনে প্রবেশের ক্ষেত্রে এমন নিষেধাজ্ঞায় আমরা উদ্বিগ্ন। আমরা এ বিষয়ে আরও বিস্তৃত ঘোষণা এবং কবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তা জানার জন্য অপেক্ষা করছি,” বলেছে ব্রিটিশ চেম্বার অব কমার্স।
মহামারী মোকাবেলায় নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে চীন মার্চে বিদেশি নাগরিকদের মূল ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। এরপর গত ২৮ সে্প্টেম্বর মূল ভূখণ্ডে খাকার বৈধ অনুমতিপত্র আছে, এমন বিদেশিদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়েছিল।
