উইসকনসিনে ভোট পুনর্গণনার অনুরোধ জানাবে ট্রাম্প শিবির
যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে, তারা ব্যাটেলগ্রাউন্ড রাজ্য উইসকনসিনে ভোট পুনর্গণনার অনুরোধ জানাবে।
বিবিসি জানায়, বুধবার ট্রাম্পের প্রচার ব্যবস্থাপক বিল স্টিফেনের এক বিবৃতিতে বলা হয়েছে, “উইসকনসিনে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুবই সামান্য।”
“রাজ্যটির কয়েকটি কাউন্টিতে অনিয়মের খবর এসেছে। এতে নির্বাচনের ফল সঠিক কিনা তা নিয়ে গভীর সন্দেহ সৃষ্টি হয়েছে।”
“প্রেসিডেন্ট ভোট পুনর্গণনার অনুরোধ জানানোর এখতিয়ারের মধ্যেই আছেন এবং আমরা অবিলম্বেই তা করব।”
উইসকনসিনে নির্বাচনী লড়াইয়ে ব্যবধান ১ শতাংশ পয়েন্ট বা তার কম হলে পিছিয়ে থাকা প্রার্থী ভোট পুনর্গণনার দাবি জানাতে পারেন।
উইসকনসিনে ভোট গণনা শেষ হয়ে গেছে। তবে সেখানে এখনও 'ট্রিপল চেকিং’ প্রক্রিয়ায় নির্ভুল গণনা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।
