ট্রাম্প-বাইডেনের ভাগ্য ঝুলে আছে যেসব অঙ্গরাজ্যে
দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। এখনও ডনাল্ড ট্রাম্প বা জো বাইডেন, জিততে পারেন যে কেউ। কয়েকটি অঙ্গরাজ্যের ফলাফলের উপর ঝুলে আছে তাদের ভাগ্য।
অ্যারিজোনা: ঐতিহ্যগতভাবে এই অঙ্গরাজ্যটি রিপাবলিকানদের ঘাঁটি হলেও এ বছর এটি গুরুত্বপূর্ণ ‘ব্যাটলগ্রাউন্ডে’ পরিণত হয়েছে।
বিবিসি জানায়, সেখানে ৮৩ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, এগিয়ে আছেন বাইডেন। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম অ্যারিজোনায় বাইডেনের জয়ের পূর্বাভাস দিয়েছে।
জর্জিয়া: রিপাবলিকানদের আরেকটি ঘাঁটি। কিন্তু এখানেও এবার কঠিন লড়াই হচ্ছে। এখনও ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বটে। কিন্তু আটলান্টা ও তার আশেপাশের শহরতলির বেশ কিছু ভোট এখনও গোনা বাকি।
নেভাডা: ভোটের আগের পূর্বাভাসে এই অঙ্গরাজ্য নিয়ে যা বলা হয়েছিল, বাইডেনকে তার থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যদিও এখনও তিনি ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। তবে ব্যবধান খুই সামান্য।
উইসকনসিন: মধ্যপশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটি বরাবরই গুরুত্বপূর্ণ ‘ব্যাটেলগ্রাউন্ড’। প্রায় দুই দশক ধরে এই অঙ্গরাজ্যের বাসিন্দারা ডেমোক্র্যাটদের সমর্থন দিয়ে এলেও ২০১৬ সালের নির্বাচনে সামান্য ব্যবধানে জিতে যান ট্রাম্প।
এবার সেখানে কিছুটা এগিয়ে আছেন বাইডেন। প্রায় সব ভোট গণনা হয়ে গেছে। হয়ত আবারও ডেমোক্র্যাট শিবিরে ফিরে যাচ্ছে উইসকনসিন।
মিশিগান: এখানে দুই প্রতিদ্বন্দ্বী ক্ষণে ক্ষণে একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। তবে এই রাজ্যে ডেট্রয়েটের মত ডেমোক্র্যাট সমর্থক প্রধান অঞ্চলে এখনও বেশ কিছু ভোট গণনা বাকি।
পেনসিলভানিয়া: ২০ জন ইলেকটর নিয়ে পেনসিলভানিয়া সব সময়ই গুরুত্বপূর্ণ ব্যাটেলগ্রাউন্ড। ট্রাম্প খানিকা এগিয়ে আছেন। কিন্তু এই অঙ্গরাজ্যে এখনো ডাকযোগে পাঠানো বিপুল পরিমাণ ভোট গণনা করা বাকি আছে।
তাই আগামী শুক্রবারের আগে এই অঙ্গরাজ্যের চূড়ান্ত ফল পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে। এই অঙ্গরাজ্যের ফলাফল দেখেই হয়ত আইনি লড়াইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে রিপাবলিকান শিবির।
