নির্বাচনে আইনি লড়াইয়ের সম্ভাবনা, তৈরি বাইডেনের আইনজীবীরা
যে আইনি লড়াইয়ের দুঃস্বপ্ন আর শঙ্কা নিয়ে ভোট শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তাই-ই এখন বাস্তবের দিকে যাচ্ছে।
জো বাইডেন বলছেন তিনি জয়ের পথে আছেন, আর ডনাল্ড ট্রাম্প ভিত্তিহীনভাবে ভোট চুরির অভিযোগ করছেন।
এরকম চলতে থাকলে শেষমেশ ফলাফল আদালতে গড়ানো এবং পরাজিত প্রার্থীর সমর্থকদের ক্ষুব্ধ হয়ে ওঠার বড় ধরনের আশঙ্কা আছে।
ভোটের চূড়ান্ত ফল না আসলেও এটি পরিষ্কার যে, যুক্তরাষ্ট্রে এখনও চরম বিভক্তি থেকেই যাচ্ছে।
আমেরিকান ভোটাররা ট্রাম্পকে জোরালভাবে প্রত্যাখ্যানও করেনি, আবার তার আশানুযায়ী বিপুল সমর্থনও দেয়নি। আর তাই নির্বাচনে যে-ই জয়ী হোক, রাজনৈতিক যুদ্ধ চলতেই থাকবে।
বিবিসি জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প এক ভাষণে নির্বাচনের ফলের প্রতিক্রিয়ায় বলেছিলেন, তিনি সুপ্রিম কোর্টে যাবেন। আর ডেমোক্র্যাটদের সম্পর্কে তার বক্তব্য ছিল, “তারা জানে যে তারা জিততে পারবে না। আর তাই তারাও বলছে, আদালতেই যাই।”
ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময়ও বিভিন্ন সমাবেশে আইনি পথে যাওয়া নিয়ে জোর গলাতেই কথা বলেছিলেন। কিন্তু তার প্রতিপক্ষ জো বাইডেন নির্বাচন পরবর্তী সময়ে আইনি পথে যাওয়া নিয়ে সরাসরি কোনও কথা বলেননি।
তবে বাইডেন কিছু না বললেও তিনি এ লড়াইয়ের জন্য তার আইনজীবীদের প্রস্তুত রেখেছেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইনানুযায়ী, সব রাজ্যেরই সব ভোট গণনা করা বাঞ্ছনীয়। কিন্তু অন্যান্যবারের তুলনায় এবছর করোনাভাইরাস মহামারীর কারণে আগাম পোস্টাল ভোট এবং ভোটকেন্দ্রে গিয়ে মানুষ যে ভোট দিয়েছে সেগুলোরও অনেক ভোট গোনা এখনও বাকি।
বাইডেন বলেছেন, ভোট গোনা বন্ধ করার চেষ্টায় প্রেসিডেন্ট ট্রাম্প যদি তার হুমকি মতো আদালতে যান, তাহলে তা মোকাবেলায় তার (বাইডেন) আইনজীবী দল প্রস্তুত আছে।
