২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের টানাটান উত্তেজনার রাতে রাস্তায় প্রতিবাদকারীরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিন রাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরোধীরা রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে প্রতিবাদ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2020, 03:59 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

এতে ভোট গণনা চলার সময় শহরের পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠে বলে বিবিসি জানিয়েছে।

কয়েকশত বিক্ষোভকারী নগরীর ক্যাপিটল হিল এলাকার ভেতর দিয়ে মিছিল নিয়ে যায়, কখনো কখনো তারা রাস্তায় যান চলাচল বন্ধ করে দিযে পটকা ফোটায়। 

কিছু বিক্ষোভকারী শ্লোগান তুলে বলেছে, “আমরা যদি ন্যায়বিচার না পাই, তারাও শান্তি পাবে না!”

বিক্ষোভ মোটামুটি শান্তিপূর্ণ হলেও হোয়াইট হাউসের কাছে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে খবর হয়েছে। এখানে ধাক্কাধাক্কির পর পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে, বলা হয়েছে এনবিসি ওয়াশিংটনের প্রতিবেদনে।

এখানে ‘কোনো এক ধরনের স্মোক বোমা’ ব্যবহার করা হয়েছে বলে এক ‍টুইটে জানিয়েছেন সিবিএস নিউজের প্রতিবেদক ক্রিস্টিনা রুফিনি।       

ওয়াশিংটন ডিসির পাশাপাশি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, নর্থ ক্যারোলাইনার র‌্যালি, ওরেগনের পোর্ট ল্যান্ড ও নিউ ইয়র্ক সিটিতেও বিক্ষিপ্ত কিছু প্রতিবাদ মিছিল হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ওয়েস্ট কোস্টের ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরেও মিছিল ও বিক্ষোভ হয়েছে। এখানে আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

ফলাফল নিয়ে সহিংসতার হতে পারে আশঙ্কায় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন শহরের বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।