মাত্র একজন পর্যটকের জন্য মাচু পিচু খুলল পেরু
জাপানি এক পর্যটকের সাত মাসের অপেক্ষার অবসান হয়েছে। পেরু কর্তৃপক্ষ শুধুমাত্র তার জন্য ইনকা সভ্যতার প্র্রাচীন শহর মাচু পিচু-র দ্বার খুলে দিয়েছে।
কয়েকশ’ বছরের পুরানো সভ্যতার ধ্বংসাবশেষ এই মাচু পিচু শহর পেরুতে পর্যটকদের অন্যতম আকর্ষণ।
মাচু পিচু দেখতে গত মার্চে পেরুতে যান জাপানের জেসি কাতাইয়ামা। করোনাভাইরাস মহামারী কারণে তার পরপরই দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়।
একই কারণে বন্ধ হয়ে যায় মাচু পিচু-র দরজাও। চরম বিপাকে পড়ে যান কাতাইয়ামা। না পারছিলেন দেশে ফিরতে, না পারছিলেন বিশ্ব ঐতিহ্যের অংশ মাচু পিচু দেখতে।
মাচু পিচু গড়ে উঠেছিল ১৪৫০ সালের দিকে। পাহাড়ের চূড়ায় তৈরি করা হয়েছিল বলেই হয়ত শহরটির নাম মাচু পিচু, যার অর্থ ‘পুরনো চূড়া’। মাচু পিচু শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৪০০ মিটার (৭,৮৭৫ ফিট) উঁচুতে অবস্থিত।
বিবিসি জানায়, আটকা পড়া পর্যটক কাতাইয়ামা পেরুর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে মাচু পিচু দেখার সুযোগ চেয়ে বিশেষ আবেদন করেন।
মন্ত্রণালয় তার আবেদনে সাড়া দিয়ে বিশেষ ব্যবস্থায় তাকে এই ঐতিহ্যবাহী স্থান পরিদর্শনের অনুমতি দেয়। গত শনিবার কাতাইয়ামা মাচু পিচু ভ্রমণ করেছেন।
পেরুর সাংস্কৃতিক মন্ত্রী আলেহান্দ্রো নেইরা সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘‘তিনি মাচু পিচু দেখার স্বপ্ন নিয়েই পেরুতে এসেছিলেন।
“শনিবার পার্কের প্রধানের সঙ্গে তাকে সেখানে যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যাতে তিনি দেশ ফিরে যাওয়ার আগে স্থানটি দেখে যেতে পারেন।”
এক ভিডিওতে কাতাইয়ামাকে মাচু পিচু পাহাড়ের চূড়ায় তার দীর্ঘ প্রতীক্ষার এই ভ্রমণ উদযাপন করতে দেখা গেছে। তিনি বলেন, ‘‘এই সফর সত্যিই অসাধারণ, ধন্যবাদ।”
পেরুতে এখন পর্যন্ত আট লাখ ৪৯ হাজার মানুষের দেহে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৩ হাজারের বেশি মানুষ।
