হুতিদের ছোড়া বিস্ফোরকবাহী ড্রোন ধ্বংসের দাবি সৌদি আরবের
সৌদি আরবের উদ্দেশ্যে ইয়েমেনের হুতিদের ছোড়া দুটি বিস্ফোরকবাহী ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোন বাহিনী।
শনিবার জোট বাহিনীর একজন মুখপাত্রের বরাতে সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, জোট বাহিনী ইরান সমর্থিত হুতিদের ছোড়া ড্রোন দুটির গতিরোধ করে ধ্বংস করেছে।
তবে এই দুটি ঘটনার বিষয়ে হুতিরা কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে লড়াই চলছে। ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করার পর থেকে লড়াই ব্যাপক যুদ্ধের রূপ নেয়।
সৌদি আরবের অনুগত ইয়েমেনের সুন্নি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদিকে ফের ক্ষমতায় ফেরানোর চেষ্টায় এ যুদ্ধে জড়িয়ে পড়ে সৌদি আরব। কিন্তু পাঁচ বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পরও শিয়া হুতিদের সানা থেকে সরাতে পারেনি প্রতিবেশী প্রভাবশালী আরব দেশটি। উল্টো হুতিরা নিয়মিতভাবে সৌদি ভূখণ্ডে বিস্ফোরকবাহী ড্রোন ও ক্ষেপণাস্ত্রযোগে হামলা চালিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে।
ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত এক লাখ লোক নিহত হয়েছে এবং এ যুদ্ধ বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কট তৈরি করেছে বলে ভাষ্য জাতিসংঘের।
