২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেগেটিভ রিভিউ: মার্কিন পর্যটকের বিরুদ্ধে মামলা তুলতে রাজি থাই হোটেল

থাইল্যান্ডের একটি হোটেলে থাকার পর বিভিন্ন ওয়েবসাইটে ওই হোটেল সম্বন্ধে নেতিবাচক রিভিউ পোস্ট করা মার্কিন পর্যটকের বিরুদ্ধে মামলা তুলে নিতে রাজি হয়েছে হোটেলটির কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2020, 01:35 PM

Updated : 08 Apr 2022, 01:27 AM

দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে মার্কিন ওই পর্যটককে বেশ কিছু শর্তও দিয়েছে তারা। শর্ত পূরণের পরই মানহানির ওই মামলা তুলে নেওয়া হবে।

সি ভিউ রিসর্ট কর্তৃপক্ষ মামলা তুলে নিলে ওয়েসলি বার্নস থাইল্যান্ডে আইনি ঝামেলা থেকে মুক্তি পাবেন।

মামলায় দোষী প্রমাণিত হলে মার্কিন এ পর্যটকের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারতো বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

চলতি বছরের শুরুর দিকে কোহ চাং দ্বীপে অবস্থিত রিসর্টটির রেস্তোরাঁয় খাওয়ার সময় বার্নস নিজের মদের বোতল নিতে চাইলে তার সঙ্গে কর্মচারীদের তর্কাতর্কি হয়।

হোটেল কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানায়, বার্নস ‘গোলমাল বাঁধিয়েছিলেন’ এবং কর্কেজ ফি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

অনেক দেশেই রেস্তোরাঁয় বাইরে থেকে খাবার বা পানীয় নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়না। পানীয় বা মদ নিয়ে ঢুকতে চাইলে সামান্য ফি দিতে হয়, একে কর্কেজ ফি বলে।

বার্নসের সঙ্গে হোটেলের কর্মচারীদের তর্কাতর্কির এক পর্যায়ে রিসর্টটির ব্যবস্থাপক বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং বার্নসের ক্ষেত্রে ওই ফি মওকুফ করে দেন।

হোটেলটি ছাড়ার সময় বার্নস সি ভিউ রিসর্ট সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইটে ধারাবাহিকভাবে নেতিবাচক রিভিউ পোস্ট করতে থাকেন; যা দেখে হোটেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মানহানির মামলা দেয়।

পরে থাইল্যান্ডের পুলিশ বার্নসকে আটক করে, কয়েক রাত কারাগারে কাটানোর পর তিনি জামিনে মুক্তি পান।

হোটেল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন প্ল্যাটফর্মে বার্নস যে পোস্টগুলো দিয়েছিলেন সেগুলো ‘মনগড়া, মিথ্যা ও দূষিত’।

একটি পোস্টে মার্কিন এ পর্যটক সি ভিউ রিসর্টের বিরুদ্ধে ‘আধুনিক যুগের দাসত্বের’ অভিযোগ এনেছিলেন। যদিও এই পোস্টটি ট্রিপঅ্যাডভাইজরের নির্দেশনা লংঘন করায় সেটি কখনোই ওই প্ল্যাটফর্মে প্রকাশিত হয়নি বলে দাবি বার্নসের।

সম্প্রতি পুলিশ জানিয়েছে, মামলা নিয়ে হোটেল কর্তৃপক্ষ ও বার্নসের মধ্যে একটি সমঝোতা হয়েছে, যাতে মার্কিন ওই পর্যটককে হোটেল এবং থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বিবিসিসহ বিদেশি যেসব গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে সেখানে চিঠি লেখার শর্ত দেওয়া হয়।

চিঠিতে বার্নস তার ‘ধারাবাহিক মিথ্যা ও অসত্য বিবৃতি, যা সি ভিউ রিসর্টের ব্যাপক মানহানি করেছে’ তার জন্য ক্ষমা চান।

“ক্রোধ ও বিদ্বেষ থেকে ওই রিভিউগুলো লেখা হয়েছিল,” বলেন বার্নস।

মার্কিন এ পর্যটক জানান, তিনি তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত।

“হোটেল কর্তৃপক্ষ আমাকে ক্ষমা করে দিয়েছে এবং মামলা তুলে নিতে রাজি হয়েছে,” বলেন তিনি।

কোহ চাং থানার সুপারিনটেন্ডেন্ট কর্নেল কিটি মালিহুয়ান জানান, পুলিশের তদারকিতে দুই পক্ষ মধ্যস্থতায় বসার পর হোটেল কর্তৃপক্ষ কিছু শর্তে মামলা তুলে নিতে সম্মত হয়।

বার্নস সব শর্ত পূরণ করার পরপরই মামলা তুলে নেওয়া হবে, আশ্বাস দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

পুরনো খবর:

‘নেগেটিভ রিভিউ’, থাইল্যান্ডে মার্কিন পর্যটকের বিরুদ্ধে মামলা