দ. কোরিয়ায় ৩৩ তলা ভবনে আগুন, ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
দক্ষিণ কোরিয়ায় একটি ৩৩ তলাবিশিষ্ট টাওয়ারে আগুন লাগার ১৩ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে দক্ষিণাঞ্চলীয় শহর উলসানে সামহোয়ান আর্ট ন্যুভউ নামের ওই টাওয়ারে আগুনের সূত্রপাত হয়, জানিয়েছে বিবিসি।
বহুতল এ ভবনটিতে ১২০টি বাসা এবং অনেকগুলো শপিং ইউনিট আছে।
আগুন লাগার পরপরই ভবনটি থেকে কয়েকশ মানুষকে সরিয়ে নেওয়া হয়।ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৮০ জনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।
১৩ ঘণ্টারও বেশি সময় প্রাণপণ চেষ্টার পর শুক্রবার সকালে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে।
তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে এত সময় লেগেছে, বলছে তারা।
“হুট করে আগুন সামনে চলে এলো। জানালাগুলো ভেঙে যায়, বসার ও শোবার ঘর আগুনে জ্বলছিল,” ক্ষতিগ্রস্তদের একজন এমনটাই বলেছেন।
কীভাবে আগুনের সূত্রপাত কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি। অগ্নিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইয়োনহাপ।
