২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউসের কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করা যেত: ফাউচি

হোয়াইট হাউসে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করা যেত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 04:40 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

আমেরিকান বিশ্ববিদ্যালয়ের কেনেডি পলিটিক্যাল ইউনিয়নকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। 

শুক্রবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, তিনি ও ফাস্টলেডি মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারপর থেকে ট্রাম্পের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী ও জ্যেষ্ঠ রিপাবলিকান নেতা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

মহামারীটিকে ধাপ্পাবাজি বলে বিশ্বাস করে এমন আত্মীয়দের সঙ্গে লোকজন কীভাবে প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে কথা বলবে, এ বিষয়ে তার পরামর্শ কী হবে জানতে চাইলে ফাউচি বলেন, “এ সপ্তাহে হোয়াইট হাউসে কী হল দেখেন। সেখানে এখন এটি বাস্তবতা। প্রতিদিন যাচ্ছে আর আরও বেশি লোক সংক্রমিত হয়ে পড়ছে। এটা কোনো ধাপ্পাবাজি নয়।

“এটা একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি ‍যখন আপনি এমন কিছু দেখছেন যা প্রতিরোধ করা যেত।”

করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক ব্যবহারের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন ফাউচি। কিন্তু ট্রাম্প মাস্ক পরার বিষয়টিকে অবজ্ঞা করেছেন এবং এটি নিয়ে উপহাস করতেও ছাড়েননি।

কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর ট্রাম্প তিন রাত সামরিক হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে সোমবার হোয়াইট হাউসে ফিরেন। এরপর জনগণকে করোনাভাইরাসর ভীতি থেকে বের হয়ে আসার ও ভাইরাসটিকে তাদের জীবনের ওপর আধিপত্য করতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।  

হাসপাতাল থেকে মাস্ক পরে ফিরেছিলেন তিনি, কিন্তু হোয়াইট হাউসের দক্ষিণের বারান্দায় ওঠার পর মাস্ক খুলে ফেলে ছবির জন্য পোজ দেন; এরপর ভবনের ভেতরে ঢোকার সময় সেটি আর পরেননি। 

এই প্রেসিডেন্ট অর্থনীতি দ্রুত সচল করার জন্য ও স্কুলগুলো দ্রুত খুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন। রাজনৈতিক ফায়দা লোটার জন্য ডেমোক্র্যাটরা এগুলো খুলতে দিচ্ছে না বলে অভিযোগ করেছিলেন।

কিন্তু যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজেস এর পরিচালক ফাউচি দেশব্যাপী লকডাউনের জারি রাখার পক্ষে ছিলেন। দেশজুড়ে লকডাউন পুরোপুরি কার্যকর করা যায়নি বলেই করোনাভাইরাস সংক্রমণ যুক্তরাষ্ট্রজুড়ে হু হু করে বেড়েছে বলে মনে করেন তিনি।

মহামারীর প্রকোপের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পকে যতবার প্রকাশ্যে দেখা গেছে তার খুব কম সময়ই তিনি মুখে মাস্ক পরে ছিলেন। হোয়াইট হাউসের অনুষ্ঠানগুলোতে ও তার নির্বাচনী প্রচারণা সমাবেশগুলোতে প্রায়ই সামাজিক দূরত্ব বিধিও মেনে চলেননি তিনি। 

৭৫ লাখেরও বেশি আক্রান্ত ও দুই লাখ ১০ হাজারেরও বেশি মৃত্যু নিয়ে উভয় তালিকায় বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, তারপরও জনগণকে ভাইরাসটিকে ভয় না পাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।       

আরও পড়ুন:

‘কোভিডকে ভয় পাবেন না’, হোয়াইট হাউসে ফিরে বললেন ট্রাম্প  

আক্রান্ত হয়ে কোভিড-১৯ সম্পর্কে অনেক জেনেছি: ট্রাম্প