২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনায় কোভিড-১৯ পজিটিভের হার সবচেয়ে বেশি

ভাইরাস পরীক্ষায় বিশ্বে কোভিড-১৯ পজিটিভের হার সবচেয়ে বেশি আর্জেন্টিনায়। দেশটিতে প্রতি ১০ জনে প্রায় ছয়জনই সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছে অক্সফোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 06 Oct 2020, 09:41 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

টানা সাত দিন দৈনিক গড়ে সাড়ে ১২ হাজার নতুন রোগী শনাক্ত হওয়া নিয়ে দেশটিতে সোমবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৯ হাজার ৭২৮ জনে। গত সপ্তাহেই মৃত্যু ২০ হাজার ছাড়িয়েছে।

অথচ শুরুতে করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিল লাতিন আমেরিকার এই দেশ। গত ২০ মার্চ থেকে সেখানে কঠোর লকডাউন শুরু হয়। কিন্তু অর্থনীতি বাঁচাতে সেই কঠোরতা খুব বেশিদিন ধরে রাখা যায়নি।

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, কম পরীক্ষা, আইসোলেশনের পর্য‍াপ্ত ব্যবস্থার ‍অভাব এবং লকডাউনের শিথিল বিধিনিষেধের কারণেই আর্জেন্টিনায় ‘পজিটিভ’ এর হার এত বেশি। 

দেশটিতে অগাস্টে করোনাভাইরাস শনাক্তের হার ছিল ৪০ শতাংশ। গত সপ্তাহে যা বেড়ে ৬০ শতাংশ হয়েছে।

বুয়েন্স আইরেসের শিশুবিশেষজ্ঞ কার্লোস কামবুরিয়ান রয়টার্সকে বলেন, ‘‘সেখানে আইসোলেশনের কোনও ব্যবস্থা কি আছে? না নেই। সেখানে পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে? না হচ্ছে না।”

আর্জেন্টিনায় কতটা কম পরীক্ষা হচ্ছে তা বোঝাতে রয়টার্সের প্রতিবেদনে একটি উদাহরণ দেওয়া হয়েছে।

বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের মোট বাসিন্দা দুই কোটি। সেখানে সংক্রমণের বিস্তারও অনেক কমে গেছে। তারপরও সেখানে দৈনিক গড়ে এক লাখ পরীক্ষা হচ্ছে।

অন্যদিকে, আর্জেন্টিনায় মোট জনসংখ্যা প্রায় সাড়ে চার কোটি। অথচ দেশটিতে নিউ ইয়র্কের তুলনায় চারভাগের একভাগ পরীক্ষা হচ্ছে।