কোভিড লড়াইয়ে আসল পরীক্ষা আগামী কয়েক দিনে: ট্রাম্প
করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় বলেছেন, তিনি ‘অনেকটা ভালো বোধ’ করছেন, তবে তার কোভিড-১৯ চিকিৎসার ‘আসল পরীক্ষা’ হবে আগামী কয়েক দিনে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের শারীরিক পরিস্থিতি নিয়ে শনিবার হোয়াইট হাউস থেকে পরস্পরবিরোধী বিভিন্ন বার্তা আসার পর তিনি নিজেই ভিডিও বার্তায় নিজের অবস্থার কথা জানালেন।
টুইটারে প্রকাশ করা চার মিনিটের ওই ভিডিওতে ট্রাম্পকে নীল রঙের একটি জ্যাকেট ও একটি সাদা শার্ট পরা অবস্থায় দেখা যায়। এ সময় তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল।
ভিডিওতে ট্রাম্প বলেন, যখন শুক্রবার প্রথম ওয়ালটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে আসেন, তখন ‘তেমন ভালো বোধ করছিলেন না’, তবে এখন ‘অনেকটা ভালো বোধ’ করছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পেছনে রেখে গোল একটি টেবিল সামনে নিয়ে বসা ট্রাম্প বলেন, “আগামী কয়েক দিনে, সত্যিকার পরীক্ষাটি হবে বলে আমার ধারণা, তাই আগামী কয়েক দিনে কী ঘটে তা দেখব আমরা।”
বৃহস্পতিবার রাতে ট্রাম্পের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে নাগরিকদের মধ্যে।
কিন্তু প্রশাসনের কর্মকর্তারা প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন রকম তথ্য প্রকাশ করায় তিনি ঠিক কতোটা অসুস্থ তা নিয়ে অস্পষ্টতা তৈরি হচ্ছিল। পরে ট্রাম্প নিজেই ভিডিও বার্তায় নিজের শারীরিক অবস্থার কথা জানান।
শনিবার সকালে হোয়াইট হাউসের একদল চিকিৎসক জানান, ট্রাম্পের পরিস্থিতির উন্নতি হচ্ছে, আর তিনি ইতোমধ্যে হোয়াইট হাউসে ফিরে আসা নিয়ে কথাবার্তা বলতে শুরু করেছেন।
একজন চিকিৎসক বলেন, ট্রাম্প তাদের বলেছেন, তার মনে হচ্ছে, তিনি হাসপাতাল থেকে হেঁটে বেরিয়ে যেতে পারবেন।
এর কয়েক মিনিটের মধ্যে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস সাংবাদিকদের ভিন্ন কথা বলেন।
তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় প্রেসিডেন্টের শারীরিক অবস্থা খুব উদ্বেগজনক ছিল এবং তার চিকিৎসার দিক থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সঙ্কটজনক হতে পারে। আমরা এখনও পুরোপুরি সুস্থ হওয়ার সুস্পষ্ট পথে নেই।”
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তার বলার ভঙ্গি পাল্টে যায়, রয়টার্সকে তিনি বলেন ট্রাম্প ‘খুব ভালো’ আছেন এবং ‘চিকিৎসকরা তার উন্নতিতে অত্যন্ত সন্তুষ্ট।’
নিজের মন্তব্যের এই পরস্পরবিরোধিতার কোনো ব্যাখ্যা দেননি মিডোস। ট্রাম্পের একজন উপদেষ্টা পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মিডোসের প্রথম মন্তব্য জানার পর প্রেসিডেন্ট খুশি হতে পারেননি।
রয়টার্স জানিয়েছে, প্রশাসনের কর্মকর্তারা প্রেসিডেন্টের ওয়ালটার রিডে যাওয়ার বিষয়টিকে ‘সতর্কতামূলক’ ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন, আর হাসপাতালে ট্রাম্পকে কয়েকদিন থাকতে হতে পারে বলে জানিয়েছেন।
ট্রাম্পের শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালে যাওয়ার আগে প্রেসিডেন্টকে অক্সিজেন দেওয়া হয়েছিল।
ওই সময়ের পরিস্থিতি সর্ম্পকে অবগত আরেকজন কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের শ্বাসকষ্ট হওয়ার পর এবং তার অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার পর তাকে হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়।
তবে শনিবার হাসপাতালের সামনে হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি সাংবাদিকদের বলেন, ট্রাম্পের শ্বাসকষ্ট নেই এবং ওয়ালটার রিডে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে না।
কবে ট্রাম্প হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন- সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
