ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত, বাইডেনের খবর কী?
যুক্তরাষ্ট্রে নির্বাচনের মাত্র এক মাস আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে তার নির্বাচনী প্রচার।
মহামারীতে ধুঁকতে থাকা দেশটিতে ট্রাম্পের পাশাপাশি ফার্স্ট লেডি মেলানিয়াও ভাইরাস আক্রান্ত হয়ে এখন কোয়ারেন্টিনে।
সবার এখন প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরেক প্রার্থী জো বাইডেনের অবস্থা কী? তিনিও কি আক্রান্ত?
ট্রাম্পের আক্রান্ত হওয়ার খবর আসার পর থেকেই সার্চ ইঞ্জিন গুগলে মানুষ উদগ্রীব হয়ে ভিড় করছে বাইডেনের খবর জানার জন্য।
তারও করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে কিনা- তা জানতে চেয়ে সার্চ করেছেন বহু মানুষ।
ঝুঁকিতে বাইডেন:
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবারই বাইডেনের করোনাভাইরাস পরীক্ষা করা হতে পারে। আর তার আক্রান্ত হওয়ার ঝুঁকির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডে গত মঙ্গলবারের নির্বাচনী বিতর্ক শেষে ফেরার পর বৃহস্পতিবার ট্রাম্প সস্ত্রীক ভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানান।
বিতর্কের দিন ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে ছিলেন প্রতিপক্ষ ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন।
ওই বিতর্কের পরদিন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিক্সের করোনাভাইরাস পজিটিভ আসে। বিতর্কে অংশ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানের বিমানে সঙ্গী ছিলেন হিক্স।
সে সময় তাকে মাস্ক পরতে দেখা যায়নি। পরদিন বুধবারই হোয়াইট হাউস জানতে পারে, হিক্স করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হিক্সের আক্রান্ত হওয়ার খবর প্রায় সঙ্গে সঙ্গেই জেনে গিয়েছিল ট্রাম্পসহ তার পুরো প্রশাসন। কিন্তু খবরটি বেশ কিছু সময় গোপন রাখার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী, করোনাভাইরাস পজিটিভ রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়াই নিয়ম।
ওহাইও’র নির্বাচনী বিতর্কের সময় ট্রাম্পের পরিবারের সদস্যরা মাস্ক পরেছিলেন। কিন্তু বিতর্ক চলাকালে তারা মাস্ক খুলে ফেলেন। এ সময় ক্লিভল্যান্ড ক্লিনিকের চিকিৎসকরা তাদেরবে মাস্ক পরার অনুরোধ জানালেও তারা তা পরেননি।
বাইডেনও সেদিন নিজের নির্বাচনী প্রচারণা শিবিরের কর্মকর্তারাসহ তার স্ত্রীকে নিয়ে বিতর্কে উপস্থিত ছিলেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিতর্ক চলাকালে বাইডেন, তার স্ত্রি জিল এবং নির্বাচনী কর্মকর্তারাও মাস্ক পরেছিলেন।
কিন্তু অনেকেই বলছেন, বিতর্কের রাত মঙ্গলবারে যদি হিক্স এবং ট্রাম্প দুইজনই করোনাভাইরাস বহন করে থাকেন, তাহলে ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে থাকায় জো বাইডেনও ঝুঁকিতে আছেন।
ঝুঁকির কারণে বাইডেনের অবিলম্বে করোনাভাইরাস পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন সিএনএন এর স্বাস্থ্য বিষয়ক প্রধান সংবাদদাতা ডা. সঞ্জয় গুপ্তা।
তিনি বলছেন, মঙ্গলবার রাতে ট্রাম্প-বাইডেন দুইজন বিতর্ক করেছেন। আর বৃহস্পতিবারই ট্রাম্পের সংক্রমণ ধরা পড়েছে।
“বিতর্কে দুজন এক মঞ্চে থাকলেও সামাজিক দূরত্ব মেনেই তাদের বক্তৃতার ডায়াস স্থাপন করা হয়েছিল। তারপরও কোনো একটি বদ্ধ জায়গায় কেউ থাকলে এবং মাস্ক পরা না থাকলে ভাইরাস ধোঁয়ার মতোই ছড়াতে পারে।”
তাছাড়া মঞ্চের বাইরে ক্যামেরার আড়ালে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে যদি কোনও কথপোকথন হয়ে থাকে তাতেও ঝুঁকি থেকেই যায়।
