ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত
নিজের ঘনিষ্ঠ একজন উপদেষ্টা করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টিনে আছেন।
বৃহস্পতিবার রাতে এক টুইটে ট্রাম্প নিজে এ তথ্য জানিয়ে বলেন, তার এবং মেলানিয়ার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। তারা এখন ফল হাতে পাওয়ার অপেক্ষায় আছেন।
কোভিড-১৯ আক্রান্ত ৩১ বছর বয়সী হোপ হিক্স এ সপ্তাহের শুরুতে ট্রাম্পের সঙ্গে ‘এয়ার ফোর্স ওয়ান’ এ ভ্রমণ করেছেন। একটি টেলিভিশন বিতর্কে অংশ নিতে ট্রাম্প ওহাইওতে গিয়েছিলেন।
বিবিসি জানায়, গত মঙ্গলবার ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের উড়োজাহাজ থেকে নামার সময় হিক্সের মুখে মাস্ক ছিল না।
পরদিন বুধবার একটি নির্বাচনী সমাবেশে অংশ নিতে হেলিকপ্টারে করে মিনেসোটায় যান ট্রাম্প। সেখানেও তার সঙ্গে ছিলেন হিক্স।
বৃহস্পতিবারের টুইটে ট্রাম্প লেখেন, ‘‘হোপ হিক্স, যিনি সামান্য বিরতি না নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। মাত্র তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। ভয়ঙ্কর!
‘‘ফার্স্ট লেডি এবং আমি আমাদের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছি। তবে আমরা এরই মধ্যে আমাদের কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি।”
ট্রাম্প কোয়ারেন্টিনে চলে গেলে আগামী ১৫ অক্টোবর ফ্লোরিডার মিয়ামিতে দ্বিতীয় টেলিভিশন বিতর্কের কী হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর যদি তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে পড়েন তাহলেই বা কী হবে তা এখনো পরিষ্কার না।
বিবিসি জানায়, বৃহস্পতিবার রাতে তিনি ফক্স নিউজ-র হোস্ট শন হ্যানিটিকে ফোন করেছিলেন।
ফোনে ট্রাম্প বলেন, তিনি এবং তার স্ত্রী ‘দীর্ঘ সময় হোপ হিক্সে সঙ্গে কাটিয়েছেন’।
‘‘তাই দেখি কী হয়। হিক্স বেশিরভাগ সময় মাস্ক পরেই থাকেন। তারপরও তিনি ‘পজিটিভ’ হয়েছেন।”
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৭২ লাখের বেশি মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সেখানে এ রোগে প্রাণ গেছে দুই লাখের বেশি মানুষের।
হোয়াইট হাউজ থেকে প্রতিদিন সব উপদেষ্টা এবং যারা প্রেসিডেন্ট ট্রাম্পের সংস্পর্শে আসেন তাদের সবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়।
ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুযায়ী, হোপ হিক্সের শরীরে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেওয়ায় মিনেসোটা থেকে ফেরার পথে এয়ার ফোর্ন ওয়ানে তাকে অন্যদের থেকে আলাদা রাখা হয়েছিল।
হিক্স ছাড়াও এর আগে হোয়াইট হাউজের একাধিক কর্মকর্তা কোভিড-১৯ পজেটিভ হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিবও গত মে মাসে করোনাভাইরাস আক্রন্ত হন এবং সুস্থ হয়ে উঠেন। তবে এখন পর্যন্ত ট্রাম্প বা পেন্স কেউই এ রোগে আক্রান্ত হননি বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।
