২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস প্রতিরোধের উদ্যোগ নেওয়ার আহ্বান কিম জং উনের

করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2020, 12:36 PM

Updated : 18 Aug 2022, 03:41 PM

দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বর্ধিত একটি সভায় করোনাভাইরাস মহামারীর পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে দেশটিতে আঘাত হানাতে যাওয়া টাইফুন ‘বাভি’ নিয়েও আলোচনা হয় বলে বুধবার জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ।

সম্প্রতি সীমান্ত বন্ধ থাকায় ও বন্যার ক্ষয়ক্ষতির কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর কোরিয়া, এরপর করোনাভাইরাস মহামারী দেশটির অর্থনীতির উপর বাড়তি চাপ তৈরি করছে বলে কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে।

এক বিবৃতিতে কেসিএনএ বলেছে, “মহামারী প্রতিরোধে মারাত্মক ভাইসরাসটির প্রবেশ পথগুলো পরীক্ষা করার জন্য যে জরুরী ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে কিছু ত্রুটি পাওয়া গেছে বলে বৈঠকের মূল্যায়নে উঠে এসেছে।”

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করোনাভাইরাসের এ পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়েছে বলে জানায়নি উত্তর কোরিয়ায়, কিন্তু গত মাসে কিম ভাইরাসটি দেশটিতে ‘প্রবেশ করে থাকতে পারে’ এমন মন্তব্য করে লকডাউন জারি করেছিলেন।

ওই সময় দেশটিতে এক ব্যক্তির মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা গিয়েছিল, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পরে পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে ভাইরাসটির উপস্থিতি প্রমাণ মেলেনি। 

উত্তর কোরিয়ার কাসং শহরে করোনভাইরাস আক্রান্ত বলে সন্দেহভাজন এক রোগীর খোঁজ পাওয়ার পর সেখানে লকডাউন জারি করা হয়েছিল, তিন সপ্তাহ পর চলতি মাসে কিম ওই লকডাউন তুলে নিয়েছেন।

পলিটব্যুরোর বৈঠকে আসন্ন টাইফুন বাভি নিয়েও আলোচনা হয়। এতে বাভির তাণ্ডব থেকে লোকজন ও ফসল রক্ষার জন্য নেওয়া রাষ্ট্রীয় জরুরি পদক্ষেপগুলো পর্যালোচনা করা হয়। 

ভারি বৃষ্টিপাত ও বন্যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই রাষ্ট্রটিতে খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি জানিয়েছে, আগামী বছর নতুন একটি পঞ্চবার্ষিক পরিকল্পনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কংগ্রেসের আয়োজন করবে তারা।

জাতীয় অর্থনীতি ও জনগণের জীবনমান উন্নয়নে গুরুতর বিলম্ব হচ্ছে, দলীয় এক বৈঠকে এমনটি আলোচিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

উত্তর কোরিয়ায় ‘প্রথম সন্দেহভাজন কোভিড-১৯ রোগী’  

উত্তর কোরিয়ার রাজপথে সুইডিশ রাষ্ট্রদূতের যোগব্যায়াম  

করোনাভাইরাস মোকাবেলায় উত্তর কোরিয়ার সাফল্য দাবি কিমের