২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনটাকিতে ন্যায়বিচারের দাবিতে কৃষ্ণাঙ্গ গোষ্ঠীর সশস্ত্র মিছিল

যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের বৃহত্তম শহর লুইভেলে একজন কৃষ্ণাঙ্গ নারীর হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে ব্যাপক অস্ত্রে সজ্জিত হয়ে মিছিল করেছে কৃষ্ণাঙ্গ প্রতিবাদকারীদের একটি গোষ্ঠী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2020, 06:55 PM

Updated : 18 Aug 2022, 03:31 PM

শনিবার কৃষ্ণাঙ্গ মিলিশিয়া বাহিনী এনএফএসি পুলিশের গুলিতে নিহত ২৬ বছর বয়সী নারী ব্রেওনা টেইলরের জন্য ন্যায়বিচার দাবি করে রাস্তায় নামে।

বিক্ষোভকারীদের উল্লেখযোগ্য অংশ আধাসামরিক বাহিনীর মতো কালো উর্দি পরে আধা-স্বয়ংক্রিয় রাইফেল ও শটগান নিয়ে সারিবেধে একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে হেঁটে যায়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ সময় পাল্টা-বিক্ষোভকারীদের একটি ছোট সশস্ত্র দলও কাছাকাছি উপস্থিত ছিল। একটি চৌরাস্তার মাঝখানে বেড়া দিয়ে সেখানে অবস্থান নিয়ে দুই পক্ষকে পৃথক করে রেখেছিল পুলিশ।

চার মাস আগে ‘নো-নক’ ওয়ারেন্টধারী মাদক তদন্তকারীদের একটি দল লুইভিলে ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান টেইলরের ফ্ল্যাটে অভিযানে চালিয়েছিল। তখন পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তিনি।

ওই অভিযানের সঙ্গে ‍যুক্ত একজন পুলিশ কর্মকর্তাকে জুনে বরখাস্ত করেছে লুইভিলের পুলিশ বিভাগ। আরও দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। কিন্তু তিন জনের কারও বিরুদ্ধেই ফৌজদারি কোনো অভিযোগ দায়ের করা হয়নি। 

এনএফএসি গোষ্ঠীর নেতা জন ‘গ্রান্ডমাস্টার জে’ জনসন টেইলরের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্তের গতি বাড়াতে ও আরও স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

লুইভিল কুরিয়ার জার্নালের ভাষ্যমতে এক ভাষণে জনসন বলেছেন, “তোমরা যদি আমাদের কিছু না জানাও তাহলে আমরা ভাববো তোমরা কিছু করছ না।”

২৫ মে মিনিয়াপোলিসে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর টেইলের মৃত্যুর ঘটনাটি ফের সামনে চলে আসে। ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশি নির্যাতন ও দেশটির ফৌজদারি অপরাধের বিচার পদ্ধতিতে বর্ণবাদমূলক পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়।

এনএফএসি প্রথম মনোযোগ কাড়ে যখন ৪ জুলাই তারা আটলান্টার নিকটবর্তী স্টোন মাউন্টেইন পার্কে মিছিল নিয়ে যায়। ওই সময় তারা পার্কের একটি পাথরে খোদাই করা বিশাল কনফেডারেফ রিলিফ অপসারণের দাবি জানায়। পাথরে খোদাই করা এই কাজটিকে বর্ণবাদের মনুমেন্ট হিসেবে বিবেচনা করেন নাগরিক অধিকার আন্দোলনকারীরা।

শনিবার লুইভিলে গোষ্ঠীটির প্রতিবাদ কর্মসূচী চলার সময় দুর্ঘটনাবশত একটি আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুটে তিন জন আহত হন। সঙ্গে সঙ্গেই আহতদের হাসপাতালে নেওয়া হয়। তাদের কারও জখমই গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ।