২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে টানা তিনদিন ১১শ’র বেশি মৃত্যু

যুক্তরাষ্ট্রে টানা তিনদিন ধরে করোনাভাইরাসে ১১শ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মারা গেছে ১ হাজার ১১৮ জন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 24 Jul 2020, 05:08 PM

Updated : 18 Aug 2022, 03:31 PM

এর আগে বুধবার মৃতের সংখ্যা ছিল ১,১৩৫ এবং তার আগে মঙ্গলবার ছিল ১,১৪১ জন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে সংক্রমণ বেড়ে যাওয়ায় মৃত্যুও বাড়ছে। বৃহস্পতিবার বেশি মানুষের মৃত্যু ঘটেছে টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা এবং টেনিসিতে।

গত মে মাসে যুক্তরাষ্ট্রের বহু রাজ্যে বিধিনিষেধ উঠে যাওয়ায় জুন থেকেই করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। জুলাইয়ে এসে বেড়ে গেছে মৃত্যু।

রয়টার্সের পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭ টি রাজ্যে কোভিড-১৯ এ দৈনিক মৃত্যুর রেকর্ড ভেঙেছে। যদিও মৃতের এ সংখ্যা এপ্রিলের তুলনায় এখনও কম। ওই সময় দেশটিতে গড়ে দিনে ২ হাজার মানুষের মৃত্যু হচ্ছিল।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত ২০ টি দেশের মধ্যে মাথাপিছু মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্র এখন ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে একদিনে রেকর্ড মৃত্যু  

দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যাও বৃহস্পতিবার ৪০ লাখ ছাড়িয়ে গেছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রথম রোগী সনাক্ত হওয়ার পর এই প্রথম সংক্রমণ এত বাড়ল।

পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মহামারী শুরুর পর শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখে পৌঁছতে সময় লেগেছিল ৯৮ দিন। আর এখন মাত্র ১৬ দিনেই সংক্রমণ ৩০ লাখ থেকে বেড়ে ৪০ লাখ হয়েছে। সংক্রমণের এই হার বলছে, প্রতি ৮২ জন মার্কিনির মধ্যে অন্তত ১ জন কোনও না কোন সময় ভাইরাস আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রজুড়ে গড়ে প্রতি ঘণ্টায় এখন ২,৬০০’রও বেশি মানুষ ভাইরাস সংক্রমিত হচ্ছে। মহামারী বিস্তারের শুরুর দিকে সবচেয়ে খারাপ অবস্থা ছিল নিউ ইয়র্কে। সেখানে পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে এলেও ভাইরাস ছড়িয়ে পড়েছে সারা দেশে।

বেশিরভাগ অঙ্গরাজ্যেই হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ছে। অথচ কিভাবে এ মহামারী নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে ফেডারেল সরকার, অঙ্গরাজ্য, গভর্নর এবং স্থানীয় প্রশাসনের মধ্যে চরম মতবিরোধ চলছে।

মাস্ক পরা নিয়েও যুক্তরাষ্ট্রে রাজনীতি শুরু হয়েছে। অনেক আমেরিকান মনে করেন, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বাধ্য করার মাধ্যমে তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে।

খোদ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও এমনটাই মনে করতেন। যদিও শেষ পর্যন্ত তিনিও জনসম্মুখে মাস্ক পরতে বাধ্য হয়েছেন। তবে তিনি এও বলেছেন, যখন সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয় না শুধু তখনই মাস্ক পরুন।