২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিককে ‘তুলে নিয়ে যাওয়ার’ ভিডিও, পাকিস্তানজুড়ে ক্ষোভ

ইসলামাবাদের একটি ব্যস্ত সড়ক থেকে সশস্ত্র ব্যক্তিরা ‘তুলে নেওয়ার’ কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন পাকিস্তানের সুপরিচিত এক সাংবাদিক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2020, 04:30 PM

Updated : 08 Apr 2022, 01:07 AM

মতিউল্লাহ জান নামের এই সাংবাদিক পাকিস্তানের সামরিক বাহিনীর নানান কর্মকাণ্ডের স্পষ্টভাষী সমালোচক।

বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মতিউল্লাহকে অপহরণের ভিডিও ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া এসেছে। অনেকেই এ ঘটনার জন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থাগুলোর দিকে আঙুল তুলেছেন।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের একজন শীর্ষ বিচারপতির বিরুদ্ধে দায়ের করা এক মামলার রায়ের সমালোচনা করেছিলেন মতিউল্লাহ জান। এ বিষয়ে আদালত অবমাননার একটি নোটিশের জবাব দিতে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার আগের দিন ‘তুলে নেওয়ার’ ওই ঘটনা ঘটে।

কয়েক ঘণ্টা পরই তাকে ছেড়ে দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। মতিউল্লাহর মনোবল অটুট আছে বলে জানিয়েছেন তারা।

“অপরিচিত একটি নাম্বার থেকে ফোন করে ফতেহজং গিয়ে তাকে নিয়ে আসতে বলা হয়,” বলেছেন মতিউল্লাহর ভাই শহীদ আব্বাসি। ফতেহজংয়ের মূল সড়ক থেকে একটু ভেতরের দিকে গিয়েই ভাইয়ের দেখা পান বলে জানিয়েছেন আইনজীবী আব্বাসি।

তিনি বলেন, “তুলে নেওয়ার পর থেকেই অপহরণকারীরা চোখ বেঁধে রেখেছিল বলে মতিউল্লাহ জানিয়েছেন। ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত তাকে বহন করা গাড়িটি বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় চক্কর কেটেছিল।”

যেভাবে অপহৃত হন মতিউল্লাহ:

মঙ্গলবার একটি মহিলা কলেজের সামনে থেকে প্রকাশ্য দিবালোকে ১০/১২ জন মানুষ মতিউল্লাহকে তুলে নিয়ে যায়। মতিউল্লাহর স্ত্রী ওই কলেজে কাজ করেন।

সকালে মতিউল্লাহ স্ত্রীকে কলেজে নামিয়ে দেওয়ার পরই ঘটে ওই ঘটনা। কলেজ ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে অপহরণের সেই দৃশ্য।

ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ চিহ্নিত কয়েকটি গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স মতিউল্লাহকে ঘিরে ফেলে তাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। অজ্ঞাতপরিচয় ওই সশস্ত্র ব্যক্তিদের কয়েকজন ইউনিফর্মও পরা ছিল।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় ‍শুরু হয়। পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বুধবার আদালতে হাজির হয়ে মতিউল্লাহর খোঁজ জানাতে নোটিস জারি করে ইসলামাবাদ হাই কোর্ট।

পাকিস্তানের তথ্যমন্ত্রী শিবলি ফারাজ সাংবাদিক মতিউল্লাহকে ‘অপহরণ’ করা হয়েছে জানিয়ে বলেন, সরকারেরই দায়িত্ব তাকে উদ্ধার করা।

মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরীন মাজারি টুইটারে বলেছেন, মতিউল্লাহ অপহরণের ঘটনায় তিনি ‘খুবই বিরক্ত’।

বিবিসি বলছে, স্পষ্টভাষী হওয়ায় বিতর্ক কখনওই মতিউল্লাহ’র পিছু ছাড়েনি; এ কারণে চাকরিও হারাতে হয়েছে এই সাংবাদিককে। পাকিস্তানের প্রথম সারির প্রায় সবগুলো গণমাধ্যমে কাজ করা এ সাংবাদিক এখন ইউটিউবে এমজেটিভি নামে একটি চ্যানেল চালান।